পুবের কলম ওয়েব ডেস্ক: নেপালে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের পর গত চার দিন ধরে খোঁজ মিলছে না বীজপুরের প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায়ের স্ত্রী তথা প্রয়াত রাজনীতিক মুকুল রায়ের পুত্রবধূ শর্মিষ্ঠা ভৌমিক রায়ের। গত ২১ আগস্ট একটি বেসরকারি সংস্থার মাধ্যমে মানস সরোবর দর্শনে গিয়েছিলেন তিনি। আগামী ৭ সেপ্টেম্বর তাঁর ফেরার কথা ছিল। কিন্তু গত ২৬ আগস্টের পর থেকে তাঁর সঙ্গে আর কোনওভাবেই যোগাযোগ করা যায়নি। এই ঘটনায় চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে পরিবার।

স্ত্রীর কোনও খবর না পেয়ে সংবাদমাধ্যমের সামনে নিজের গভীর উদ্বেগের কথা প্রকাশ করেছেন শুভ্রাংশু।
পরিস্থিতি মোকাবিলায় শুক্রবার রাতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ্রাংশু ও তাঁর মেয়ের সঙ্গে কথা বলে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। শনিবার শুভ্রাংশুর কাঁচরাপাড়ার বাড়িতে গিয়ে তাঁর পাশে থাকার বার্তা দেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস এবং শান্তনু সেন। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানান, শর্মিষ্ঠাদেবী যদি ইতিমধ্যে চিন সীমান্ত পেরিয়ে গিয়ে থাকেন, তবে তিনি নিরাপদে থাকতে পারেন। তবে তা না হলে যথেষ্ট চিন্তার কারণ রয়েছে। গোটা পরিস্থিতি নিয়ে বিদেশমন্ত্রক এবং প্রশাসনের সর্বোচ্চ স্তরে যোগাযোগ রাখা হচ্ছে বলে জানা গিয়েছে।