পুবের কলম ওয়েব ডেস্ক: জনপ্রিয় মশলা প্রস্তুতকারক সংস্থা এভারেস্ট ফের বড়সড় বিতর্কে জড়াল। গুণগত মানের পরীক্ষায় ফেল করায় এভারেস্ট ফুড প্রোডাক্টস এবং লালজি গোধু-র তৈরি হিং সাময়িকভাবে নিষিদ্ধ করল ‘ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া’। এর পাশাপাশি, এভারেস্টের এগ কারি, চিকেন মশলা এবং গরম মশলার ক্ষেত্রেও নিয়ম লঙ্ঘনের প্রমাণ মিলেছে, যদিও সেগুলি এখনও নিষিদ্ধ করা হয়নি।

এক গ্রাহকের অভিযোগের ভিত্তিতে মুম্বই ও গুজরাটে এভারেস্টের কারখানা থেকে নমুনা সংগ্রহ করে নজরদারি শুরু করেছিল এফএসএসআই।

নিয়ম অনুযায়ী হিংয়ে ন্যূনতম ৫ শতাংশ অ্যালকোহল-দ্রবণীয় নির্যাস থাকা বাধ্যতামূলক। কিন্তু এভারেস্টের নমুনায় তা মিলেছে মাত্র ০ থেকে ৩ শতাংশ। অর্থাৎ, কাঁচা হিংয়ের ব্যবহার ৩০ থেকে ৪০ শতাংশ কম হয়েছে। অন্যদিকে, লালজি গোধু-র কারখানা থেকে সংগৃহীত কাঁচা হিংয়ে সর্বোচ্চ ১ শতাংশ স্টার্চ থাকার কথা থাকলেও, সেখানে ১৫ থেকে ৩২ শতাংশ স্টার্চ পাওয়া গিয়েছে।

এই অনিয়ম সামনে আসার পরেই দুই সংস্থাকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে এফএসএসআই। সংস্থাগুলি মানদণ্ড মানতে কী পদক্ষেপ করছে, তা বিস্তারিত জানাতে বলা হয়েছে। পাশাপাশি, বাজার থেকে সমস্ত নিম্নমানের পণ্য অবিলম্বে তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং নিয়ম না মানা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, এর আগে ক্যানসার সৃষ্টিকারী উপাদান থাকার অভিযোগে হংকং, সিঙ্গাপুর, নেপাল ও আমেরিকায় এভারেস্টের মশলা নিষিদ্ধ হয়েছিল।