পুবের কলম, কাঠমান্ডু: ভয়াবহ আকস্মিক বন্যায় বিপর্যস্ত হিমালয়ের দেশ নেপাল। প্রাণহানি ৫০০ ছাড়িয়ে যাওয়া এবং বিপুল সংখ্যক মানুষ নিখোঁজ হওয়ার প্রেক্ষাপটে বিদেশী সাহায্যের ক্ষেত্রে অবস্থান পরিবর্তন করেছে নেপাল সরকার। জটিল উদ্ধারকাজ পরিচালনা ও ত্রাণ তৎপরতায় সহায়তার জন্য কাঠমান্ডুর অনুরোধে শনিবার ভারতের ১১ সদস্যের একটি বিশেষজ্ঞ উদ্ধারকারী দল নেপালে পৌঁছেছে। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, ভারতীয় এই প্রতিনিধি দলটিতে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক এবং টানেল উদ্ধার বিশেষজ্ঞরা রয়েছেন। ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, নেপাল সরকারের বিশেষ আবেদনে সাড়া দিয়েই এই উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।


 
উল্লেখ্য, গত বুধবার (২৬ আগস্ট) মধ্য নেপালের রসুয়াসহ বিস্তীর্ণ অঞ্চলে আকস্মিক বন্যা ও ধসের সৃষ্টি হয়। এতে প্রায় ৫০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং প্রায় ২,০০০ মানুষ নিখোঁজ রয়েছেন। বন্যার তোড়ে ভেসে গিয়েছে বহু লোকালয়, ঘরবাড়ি, সড়ক পথ, সেতু ও জলবিদ্যুৎ প্রকল্প। এর আগে শুক্রবার নেপাল সরকার জানিয়েছিল, তারা মূলত নিজেদের সুরক্ষা বাহিনীর ওপরই ভরসা রাখতে চায়, কারণ স্থানীয় পাহাড়ি পরিবেশ ও ভৌগোলিক পরিস্থিতির সঙ্গে তারা বেশি পরিচিত। তবে নেপালের বিদেশমন্ত্রী শিশির খানাল জানান, অবকাঠামোগত জটিলতা ও যেখানে বিশেষ কারিগরি দক্ষতার প্রয়োজন, সে সমস্ত কঠিন পরিস্থিতিতে আন্তর্জাতিক সহযোগিতা নিতে প্রস্তুত সরকার।