পুবের কলম, বেঙ্গালুরু: বেঙ্গালুরুর বাসভানগুড়ি এলাকায় ঈদে মিলাদুন্নেবীর মিছিলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে মারামারি ও উত্তেজনার ঘটনায় হিন্দুত্ববাদী নেতা সহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার কে আর রোডের গারাডি অ্যাপারমেন্টের কাছে ঘটে যাওয়া এই ঘটনায় ইতিমধ্যেই ৩টি পৃথক এফআইআর রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, থমথমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং টহলদারি বাড়ানো হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, ওই আবাসন প্রাঙ্গণের সামনে দিয়ে যখন ঈদে মিলাদুন্নেবীর মিছিলটি যাচ্ছিল, তখন ধর্মীয় পতাকা হাতে ধর্মীয় স্লোগান দিচ্ছিলেন মিছিলকারীরা। পুলিশের অভিযোগ, হিন্দুত্ববাদী নেতা পুনীত কেরেহাল্লি ও তাঁর সহযোগীরা গেরুয়া পতাকা হাতে মিছিলের কাছাকাছি গিয়ে ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে শুরু করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, আক্রমণের ঘটনা ঘটার পরও কেরেহাল্লি ও তাঁর সঙ্গীরা টানা স্লোগান দিতে থাকেন এবং আহত মুরালিকে হাসপাতালে নিয়ে না গিয়ে তাঁকে পাশে শুইয়ে রেখে সেখানে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। পরবর্তীতে দক্ষিণ বেঙ্গালুরুর ডেপুটি কমিশনার অফ পুলিশ কে বংশী কৃষ্ণ ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে পুনীত কেরেহাল্লিকে প্রথমে আটক করা হয় এবং পরে আনুষ্ঠানিকভাবে আরও দুজনসহ তাঁকে গ্রেপ্তার করা হয়।
ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- পুনীত কেরেহাল্লি, গোপি গৌড়া (২৬), বিনোদ নায়েক (২৪), আকমল পাশা (১৮), আবু বকর সিদ্দিক (২৪), সৈয়দ আনাস (২২)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক কঠোর ধারায় মামলা দায়ের করা হয়েছে। যার মধ্যে ধর্মীয় ভিত্তিতে দুই গোষ্ঠীর মধ্যে শত্রুতা বৃদ্ধি, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা, অপরাধমূলক ভয় দেখানো, মারাত্মক অস্ত্র দিয়ে স্বেচ্ছায় আঘাত বা গুরুতর আঘাত করা এবং বেআইনি সমাবেশের ধারা উল্লেখ রয়েছে। পুরো ঘটনার সত্যতা যাচাই ও জড়িত অন্যদের চিহ্নিত করতে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখছে বেঙ্গালুরু পুলিশ।