পুবের কলম, ওয়েবডেস্ক: শনিবার পুরো দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও পালিত হল জাতীয় ক্রীড়া দিবস। হকি কিংবদন্তি মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকীতে আয়োজিত ‘ক্রীড়া দিবসে’ নবান্নে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে কৃতী ক্রীড়াবিদদের সংবর্ধনা ও চাকরির নিয়োগপত্র দেওয়া হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী রাজ্যের ক্রীড়া বাজেটের পাশাপাশি যুবভারতীতে ঘটে যাওয়া মেসি কান্ডে দর্শকদের টাকা ফেরানো বিষয় নিয়ে কথা বলেন। নবান্নে এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন হকি তারকা গুরবক্স সিং, ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে প্রমুখ।

সেই অনুষ্ঠানে মেসি কান্ডের কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। 

গত বছরের ১৩ ডিসেম্বর লিওনেল মেসি যুবভারতীতে আসেন। মাঠে প্রবল বিশৃঙ্খলা তৈরি হয়। সেই দিন স্টেডিয়ামে আসা দর্শকেরা টাকা ফেরতের দাবি জানালেও, তা এখনও পূর্ণ হয়নি। সেই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, ‘মেসির প্রচুর ভক্ত।

আমার ইচ্ছে, সেদিন মাঠে আসা ক্রীড়াপ্রেমীদের টাকা ফেরতের ব্যবস্থা করা। তার প্রক্রিয়া আভ্যন্তরীণভাবে শুরু করেছি। আশা করছি কাজটি সফলভাবে করতে পারব।’ পাশাপাশি মুখ্যমন্ত্রী রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে মিনি ইন্ডোর স্টেডিয়াম গড়ার কথা বলেন, তাঁর কথায়, ‘আমরা ক্রীড়াক্ষেত্রে চারশো কোটি বাজেট ধরেছি। যদিও এটি পূর্ণাঙ্গ বাজেট নয।
রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে মিনি ইন্ডোর স্টেডিয়াম গড়া হবে। যেখানে টেনিস কোর্ট, ব্যাডমিন্টন কোর্ট, জিম সব থাকবে। এক বছরে ২৯৪টি স্টেডিয়াম গড়া সম্ভব নয়। এই বছর ১০০টি স্টেডিয়াম তৈরি করব। যেগুলি রয়েছে, সেগুলোও ভগ্নপ্রায়। বিগত সরকার ক্রীড়াক্ষেত্রে অবহেলা করেছে।’