পুবের কলম ওয়েব ডেস্ক: দু’দিনের সফরে শনিবার উজবেকিস্তানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাসখন্দ বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান সে দেশের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়য়েভ। প্রোটোকল ভেঙে প্রধানমন্ত্রীকে আলিঙ্গন করার পাশাপাশি তাঁকে নিজের গাড়িতে বসিয়ে গন্তব্যের দিকে রওনা হন প্রেসিডেন্ট শাভকাত। দুই রাষ্ট্রনেতার এই বিশেষ ‘গাড়ি কূটনীতি’ ইতিমধ্যেই যথেষ্ট নজর কেড়েছে।
আরও পড়ুন:
জানা গিয়েছে, এই সফরে তাসখন্দের শাস্ত্রী মেমোরিয়াল এবং তাসখন্দ স্টেট ইউনিভার্সিটি অফ ওরিয়েন্টাল স্টাডিজের মহাত্মা গান্ধী সেন্টার পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি, উজবেক প্রেসিডেন্টের সঙ্গে তাঁর একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বৈঠকে মূলত দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, জ্বালানি, শিক্ষা এবং ডিজিটাল সংযোগ বৃদ্ধি নিয়ে আলোচনা হবে। কীভাবে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানো যায়, তা নিয়েও কথা বলবেন দুই রাষ্ট্রনেতা।
আরও পড়ুন:
প্রধানমন্ত্রী হিসেবে এটি মোদির চতুর্থ উজবেকিস্তান সফর। এর আগে ২০২২ সালে এসসিও শীর্ষ সম্মেলনে যোগ দিতে তিনি সেখানে গিয়েছিলেন। সম্প্রতি ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফর সেরে আসা মোদির এই উজবেক সফরের মূল লক্ষ্য হল মধ্য এশিয়ায় ভারতের কৌশলগত অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করা। উজবেকিস্তানের এই কর্মসূচি শেষ করে ২৬তম এসসিও শীর্ষ সম্মেলনে যোগ দিতে কিরগিজস্তানের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী।