আমেরিকার মাটিতে দাঁড়িয়ে ধর্মীয় সম্প্রীতি ও মানবতার বার্তা দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। শনিবার নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়্যারে ‘এক বিশ্ব, এক মানবতা’ শীর্ষক এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, মানুষের মধ্যে কোনও বিভেদ নেই এবং ভারতে মুসলিমদের তাড়িয়ে দেওয়ার কথা যারা বলেন, তাঁরা হিন্দুত্বের মূল ধারণা বোঝেন না।

প্রায় পাঁচ হাজার মানুষের উপস্থিতিতে ভাগবত বলেন, বিভিন্ন ধর্মের উপাসনা পদ্ধতি ও আচার-অনুষ্ঠান আলাদা হলেও সব ধর্মের অন্তর্নিহিত সত্য এক। তাঁর কথায়, অন্যের ধর্মের অস্তিত্ব অস্বীকার করা হিন্দুত্বের শিক্ষা নয়।

অনুষ্ঠানে তাঁকে প্রশ্ন করা হয়, আরএসএস হিন্দুত্ব ও হিন্দুরাষ্ট্রের কথা বলে, তাহলে ভারতে মুসলিমদের অবস্থান কী? জবাবে ভাগবত বলেন, নিজেকে হিন্দু মনে করলে বিশ্বাস করতে হবে যে মানুষের মধ্যে কোনও বিভেদ নেই। যে হিন্দুরা মনে করেন ভারত থেকে মুসলিমদের বের করে দেওয়া উচিত, তাঁরা হিন্দুত্বের মূল ভাবনার সঙ্গে যুক্ত নন।
আরএসএসের সামাজিক কাজের প্রসঙ্গ তুলে তিনি দাবি করেন, জনসেবার ক্ষেত্রে সংগঠন ধর্মের ভিত্তিতে মানুষের মধ্যে কোনও পার্থক্য করে না।