নেপালের ভয়াবহ বন্যায় চারপাশ থেকে কাদাপানির তীব্র স্রোত ধেয়ে আসার মধ্যে একটি বাড়ির বারান্দায় আটকে পড়া কয়েকজনকে শেষ পর্যন্ত নিরাপদে উদ্ধার করা হয়েছে। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, হালকা সবুজ রঙের একটি বাড়ির দোতলার বারান্দায় কয়েকজন মানুষ অসহায়ভাবে দাঁড়িয়ে রয়েছেন। বাড়িটির ছাদে থাকা এক নারীকে সাহায্যের আশায় লাল কাপড় নাড়তেও দেখা যায়।
আরও পড়ুন:
বিবিসি ভেরিফাই জানিয়েছে, ঘটনাটি নেপালের ত্রিশূলী নদীসংলগ্ন এলাকায়। চারপাশে তখন প্রবল বেগে কাদামাটির স্রোত বইছিল। স্রোতের সঙ্গে ভেসে আসছিল বড় পাথর, ধ্বংসাবশেষ ও টিনের চাল। ফলে বাড়িটি যেকোনও মুহূর্তে ভেসে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল।
আরও পড়ুন:
ভিডিওতে অন্তত একজন পুরুষ, একজন নারী ও একটি শিশুকে দেখা যায়। পরে বন্যার পানির স্রোত কমে গেলে স্থানীয়রা সেখানে পৌঁছে তাঁদের নিরাপদে উদ্ধার করেন। তবে উদ্ধার হওয়া পরিবারটির পরিচয় প্রকাশ করা হয়নি। ভয়াবহ এই ঘটনার ভিডিওটি নেপালের বন্যার ভয়াবহতা আরও একবার স্পষ্ট করে তুলেছে।