পুবের কলম ওয়েবডেস্ক, অনলাইন গেমের নেশা যে কতটা ভয়ংকর পরিণতি ডেকে আনতে পারে, মালদহের এই ঘটনায় তা ফের সামনে এল। কয়েক লক্ষ টাকা ঋণের বোঝা মেটাতে নিজের দাদুর কাছেই টাকা চেয়েছিল দুই যুবক। অভিযোগ, টাকা দিতে অস্বীকার করায় তাঁকেই খুনের ছক কষে তারা। মাত্র ১২ ঘণ্টার মধ্যে সেই হত্যাকাণ্ডের রহস্যও ভেদ করল পুলিশ।
আরও পড়ুন:
মৃত ব্যবসায়ীর নাম অর্ণব সেন।
বৃহস্পতিবার রাতে মালদহের ইংরেজবাজারে তাঁর বাড়িতে যান দূরসম্পর্কের নাতি শুভজিৎ ঘোষ এবং তার বন্ধু কৌশিক ঘোষ ওরফে পচা। গল্প করতে করতে চা খান তাঁরা। অভিযোগ, এরপর দাদুর কাছে টাকা চান দুই যুবক। টাকা দিতে রাজি না হওয়ায় প্রথমে মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধের চেষ্টা করা হয়। পরে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে তাঁকে খুন করা হয়।আরও পড়ুন:
শুক্রবার সকালে বাড়ি থেকে অর্ণবের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। ঘর ছিল তছনছ। ঘটনাস্থলে পড়ে ছিল চায়ের কাপ, জ্বলছিল ইন্ডাকশনও। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, অর্ণবের মোবাইলটি খোয়া গিয়েছে। সেই ফোনের অবস্থান অনুসরণ করেই দুই অভিযুক্তের কাছে পৌঁছে যায় পুলিশ।
তাঁদের গ্রেফতার করে উদ্ধার করা হয় মোবাইলটি।আরও পড়ুন:
পুলিশের দাবি, অনলাইন গেমের নেশায় দুই যুবকের কয়েক লক্ষ টাকা ঋণ হয়েছিল। সেই টাকা শোধ করতেই দাদুর কাছ থেকে টাকা নেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। টাকা না পাওয়ার পরই খুনের সিদ্ধান্ত নেয় তারা। দু’জনকেই গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চলছে।