পুবের কলম ওয়েবডেস্ক, বাবা মানেই কি শুধু জন্মদাতা? সম্পর্কের উত্তর বলছে, সবসময় নয়। এবার আইনের নথিতেও সেই সম্পর্কের স্বীকৃতির পথ খুলে দিল কলকাতা হাইকোর্ট। পূর্ব বর্ধমান পুরসভা এলাকার একটি মামলায় আদালত নির্দেশ দিয়েছে, বিবাহবিচ্ছেদের পর মা দ্বিতীয়বার বিয়ে করলে এবং নতুন স্বামী শিশুকে নিজের সন্তান হিসেবে গ্রহণ করলে, নির্দিষ্ট পরিস্থিতিতে জন্ম শংসাপত্রে তাঁর নাম বাবার জায়গায় রাখা যেতে পারে।
আরও পড়ুন:
ঘটনাটি এক দম্পতিকে ঘিরে। আবেদনকারী মহিলা ২০১২ সালের এপ্রিল মাসে শুভঙ্কর কর্মকারকে বিয়ে করেন। তাদের একটি পুত্রসন্তান হয়। পরে দাম্পত্য সম্পর্কে ভাঙন ধরে এবং ২০২১ সালের অক্টোবর মাসে তাদের বিবাহবিচ্ছেদ হয়।
আরও পড়ুন:
এরপর ২০২২ সালের মার্চে মহিলা রাজেশ ঘোষকে বিয়ে করেন। শিশুটি মায়ের সঙ্গে তার বর্তমান স্বামীর কাছেই থাকছিল। সৎ বাবাও তাকে নিজের সন্তান হিসেবে মেনে নেন। কিন্তু জন্ম শংসাপত্রে জন্মদাতা বাবার নাম থাকায় স্কুলে ভর্তির সময় সমস্যা তৈরি হয়।
পূর্ব বর্ধমান পুরসভা নাম বদলাতে আপত্তি জানালে মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে।আরও পড়ুন:
বিচারপতি রাজা বসু চৌধুরী পুরসভাকে নতুন জন্ম শংসাপত্র দেওয়ার নির্দেশ দেন। আদালতের পর্যবেক্ষণ, সমাজ বদলেছে। তাই শুধু জৈবিক বাবার নাম নথিতে ধরে রাখাই বাধ্যতামূলক নয়। ১৯৬৯ সালের জন্ম-মৃত্যু আইন ও সুপ্রিম কোর্টের একটি মামলার প্রসঙ্গও উঠে আসে। তবে শিশু প্রাপ্তবয়স্ক হওয়ার পর নিজের ইচ্ছা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকবে। নতুন সনদে পুরনো সনদের নম্বর ও ইস্যুর তারিখও উল্লেখ করতে হবে।