পুবের কলম ওয়েব ডেস্ক: নেপালে হড়পা বানের ভয়াবহতার মাঝেই নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। রবিবার সকাল থেকে ভোটেকোশী নদীর জলস্তর ফের বাড়তে শুরু করায় রাসুয়া, নুয়াকোট, ধাদিং এবং চিতোয়ান সীমান্তবর্তী এই চার জেলায় নতুন করে সতর্কতা জারি করেছে প্রশাসন। রবিবার সকালের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এই বিপর্যয়ে এখনও পর্যন্ত ৭৩৪ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে।
আরও পড়ুন:
কাদার পুরু স্তর সরিয়ে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালাচ্ছেন উদ্ধারকারীরা।
প্রশাসন জানিয়েছে, বিপর্যয়ের পর থেকে এখনও প্রায় ২৪৯৮ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে কৈলাস-মানস সরোবর যাত্রায় যাওয়া বহু ভারতীয় নাগরিকও রয়েছেন। গত বুধবার সকালে তিব্বতের কাছে হিমবাহ ভেঙে নেপালের নিচু উপত্যকায় এই ভয়ংকর হড়পা বান আছড়ে পড়ে। জল ও কাদার স্রোতে ভেসে যায় বিস্তীর্ণ এলাকার গ্রাম, ঘরবাড়ি, সেতু ও রাস্তাঘাট।আরও পড়ুন:
বিশেষজ্ঞরা জানিয়েছেন, হিমবাহ ভেঙে পাহাড়ের উপর একটি অস্থায়ী হ্রদ তৈরি হয়েছে। সেই হ্রদ জলে পূর্ণ হয়ে যাওয়ায় তা উপচে ফের নতুন করে প্রবল বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে আগেই সতর্ক করেছিল চিন। সেই আশঙ্কার দিকে কড়া নজর রেখেই ঝুঁকি নিয়ে উদ্ধারকাজ চলছে। অন্যদিকে, প্রথমে বিদেশি সাহায্য নিতে অস্বীকার করলেও পরে ভারতের পাঠানো উদ্ধারকারী দল ও ত্রাণ গ্রহণ করেছে নেপাল সরকার। পরিস্থিতি মোকাবিলায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ক্রমাগত আর্থিক সাহায্যও এসে পৌঁছচ্ছে।