ক্ষমতায় আসার কয়েক মাসের মধ্যেই সংখ্যালঘুদের জন্য একাধিক প্রকল্প ঘোষণা করেছেন তামিলনাড়ুর থলপতি বিজয়ের সরকার। মুসলিম ছাত্রীদের স্নাতক স্তর পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে পড়াশোনার সুযোগ দেওয়ার পাশাপাশি চেন্নাইয়ে মুসলিম মহিলাদের জন্য পৃথক কলেজ তৈরির ঘোষণা করেছেন।

তামিলনাড়ুর সংখ্যালঘু উন্নয়নমন্ত্রী এ এম শাহজাহান জানিয়েছেন, সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত এবং সরকারি কোটায় ভর্তি হওয়া বেসরকারি কলেজে মুসলিম ছাত্রীরা স্নাতক স্তর পর্যন্ত বিনামূল্যে পড়াশোনার সুযোগ পাবেন। কলা, বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, চিকিৎসা, কৃষি ও আইন—সব ক্ষেত্রেই এই সুবিধা প্রযোজ্য হবে। প্রকল্পটির জন্য ২০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

এছাড়াও ওয়াকফ স্কলারশিপের আওতা অষ্টম শ্রেণি থেকে বাড়িয়ে দশম শ্রেণি পর্যন্ত করা হয়েছে। সংখ্যালঘু মহিলাদের শিক্ষার হার বাড়াতে চেন্নাইয়ে একটি পৃথক কলেজ তৈরির পরিকল্পনাও ঘোষণা করা হয়েছে। পাশাপাশি মুসলিম ও খ্রিস্টান সম্প্রদায়ের আয়বৃদ্ধির লক্ষ্যে ওয়াকফ ও চার্চের সম্পত্তিতে কমিউনিটি হল এবং বাণিজ্যিক পরিকাঠামো তৈরির উদ্যোগ নেওয়া হবে। দক্ষতা উন্নয়নের জন্য ১০ হাজার সংখ্যালঘু ছাত্রছাত্রীকে প্রশিক্ষণ দেওয়ার কথাও জানানো হয়েছে।

সরকারের দাবি, পিছিয়ে পড়া সংখ্যালঘু মহিলাদের শিক্ষার সুযোগ বাড়াতেই এই উদ্যোগ।