পুবের কলম ওয়েবডেস্ক, একদিকে বক্স অফিসে সাফল্যের নতুন রেকর্ড, অন্যদিকে আচমকা অসুস্থতা। ‘আওয়ারাপন ২’-এর সাফল্য উদ্‌যাপনের মধ্যেই সোয়াইন ফ্লুতে আক্রান্ত হলেন অভিনেতা ইমরান হাশমি। সূত্রের খবর, কয়েকদিন ধরেই অসুস্থ বোধ করছিলেন তিনি। মুম্বইয়ে ফেরার পর তাঁর শারীরিক পরীক্ষা করা হয়।

সেই পরীক্ষাতেই H1N1 সংক্রমণ ধরা পড়ে।


চিকিৎসকের পরামর্শে আপাতত বিশ্রামে রয়েছেন অভিনেতা। তাঁকে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। 

সম্প্রতি ‘আওয়ারাপন ২’-এর প্রচার ও অন্যান্য কাজের সূত্রে তাঁকে রাঁচি-সহ বিভিন্ন জায়গায় যেতে হয়েছিল। এর মধ্যেই বেঙ্গালুরুর একটি অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায় অনুরাগীদের কাছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দুঃখপ্রকাশ করেন তিনি।
অসুস্থতার খবর এমন সময়ে সামনে এল, যখন ইমরানের কেরিয়ারে ফের বড় সাফল্য এনেছে ‘আওয়ারাপন ২’।

 

স্বাধীনতা দিবসের সময় মুক্তি পাওয়া ছবিটি এখনও পর্যন্ত ৪০.৫০ কোটি টাকা আয় করেছে। ২০০৭-এর ‘আওয়ারাপন’-এর আজীবন ব্যবসাকেও ছবিটি মুক্তির প্রথম দিনেই ছাপিয়ে যায়। মূল ছবিটির নেট আয় ছিল ৭.৭৫ কোটি টাকা। নিতিন কক্কর পরিচালিত ‘আওয়ারাপন ২’-তে ইমরানের সঙ্গে অভিনয় করেছেন দিশা পাটানি ও শাবানা আজমি। বিশাল ভট্টের প্রযোজনায় তৈরি ছবিটি ‘আওয়ারাপন’-এর সিক্যুয়েল। একই সময়ে মুক্তি পাওয়া ‘বাটওয়ারা ১৯৪৭’-এর সঙ্গে বক্স অফিসে প্রতিযোগিতায় থেকেও এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে ইমরানের ছবিই।