পুবের কলম ওয়েব ডেস্ক: ভয়াবহ হড়পা বানে বিপর্যস্ত নেপালে মৃতের সংখ্যা ইতিমধ্যেই ৭০০ ছাড়িয়েছে। বুধবারের এই বিপর্যয়ের পর এখনও পর্যন্ত ৬৭৫টি মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে, যার মধ্যে সবচেয়ে বেশি দেহ মিলেছে ভারতের সীমান্তবর্তী জেলা চিতওয়ানে (২৩৩টি)। এত বিপুল সংখ্যক মৃতদেহ রাখার মতো পর্যাপ্ত জায়গা হাসপাতালগুলির মর্গে নেই। ফলে দেহগুলিতে পচন ধরে এলাকায় দুর্গন্ধ ছড়াতে শুরু করেছে।
রোগ সংক্রমণের ঝুঁকি এড়াতে শনিবার থেকে প্রশাসন অজ্ঞাতপরিচয় দেহগুলিকে কবর দেওয়ার কাজ শুরু করেছে।আরও পড়ুন:
ভবিষ্যতে পরিজনরা যাতে মৃতদেহগুলি শনাক্ত করতে পারেন, তার জন্য বৈজ্ঞানিক পদ্ধতি মেনে প্রতিটি দেহের ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে। এরপর একটি নির্দিষ্ট শনাক্তকরণ নম্বর যুক্ত করে ১.৫ মিটার গভীরতায় সেগুলিকে কবর দেওয়া হচ্ছে। পরবর্তীতে যাতে সহজে সঠিক দেহটি তোলা যায়, তার জন্য দুটি কবরের মাঝে ৪০ সেন্টিমিটারের ব্যবধান রাখা হচ্ছে।
আরও পড়ুন:
অন্যদিকে, শনিবার ভারতের বিদেশমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, এই বিপর্যয়ের পর এখনও নেপালে ২৭৫ জন ভারতীয় নিখোঁজ রয়েছেন। তবে ১০৮ জন ভারতীয়কে ইতিমধ্যেই সুরক্ষিতভাবে উদ্ধার করা হয়েছে এবং আরও ৫০ জনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে। পাশাপাশি, ৫৯৮ জন ভারতীয় নাগরিক চিন সীমান্ত দিয়ে নিরাপদে নেপালে প্রবেশ করেছেন। তবে এখনও প্রায় ৯০০ জন ভারতীয় পুণ্যার্থী চিনে আটকে রয়েছেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।