পুবের কলম ওয়েব ডেস্ক: বাঙালির প্রাণের উৎসব আন্তর্জাতিক কলকাতা বইমেলার ৫০তম আসরের দিনক্ষণ ঘোষণা করা হল। আগামী ২০২৭ সালের ২২ জানুয়ারি এই মেলা শুরু হবে, চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। মেলা পরিচালনার জন্য গত মাসেই রাজ্য সরকারের তরফে ২৪ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড, ইজেডসিসি এবং ন্যাশনাল বুক ট্রাস্ট এবার যৌথভাবে মেলার আয়োজন করবে। এই কমিটিতে রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রম সংঘের প্রতিনিধিরাও রয়েছেন।

মেলাকে নির্দিষ্ট কোনও সংগঠনের একক নিয়ন্ত্রণমুক্ত করতে এবার স্টল বণ্টনে বিশেষ বদল আনা হচ্ছে। বিশ্বের অন্যান্য প্রান্তের মতো সম্পূর্ণ আধুনিক ও স্বয়ংক্রিয় (অটোমেশন) পদ্ধতিতে প্রকাশকরা স্টলের জন্য আবেদন করতে পারবেন। এর ফলে সমস্ত প্রকাশকদের কাছেই সুযোগ উন্মুক্ত হবে। এবারের বইমেলার থিম কান্ট্রি হিসেবে ইজরায়েলের নাম ভাবা হয়েছে। সরকারি অনুমোদন সাপেক্ষে সেটি চূড়ান্ত হবে।

তবে কোনও কারণে তা সম্ভব না হলে, 'বন্দে মাতরম'-এর সার্ধশতবর্ষকে এবারের থিম করা হবে।

অন্যদিকে, গত দু'বছরের মতো এবারও বইমেলায় বাংলাদেশের কোনও স্টল বা প্যাভিলিয়ন থাকার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। জানা গিয়েছে, এই বিষয়ে মেলা কমিটি এবং প্রকাশকদের একাংশের আপত্তি রয়েছে। একমাত্র দেশের বিদেশ ও স্বরাষ্ট্র মন্ত্রকের সবুজ সংকেত মিললেই বাংলাদেশের অংশগ্রহণের বিষয়টি নিয়ে পরবর্তী ভাবনাচিন্তা করা হবে। সব মিলিয়ে ৫০ বছরে পদার্পণ করা এবারের কলকাতা বইমেলা সম্পূর্ণ নতুন আঙ্গিকে আয়োজিত হতে চলেছে।