পুবের কলম, ওয়েবডেস্ক: যে কোনো বড় প্রাকৃতিক বিপর্যয় যেমন মানুষের ঘরবাড়ি ও জীবন কেড়ে নেয়, তেমনই মাঝে মাঝে তা ফুটিয়ে তোলে মানবতা ও সহানুভূতির সুন্দরতম রূপটি। তেমনই এক হৃদয়স্পর্শী ঘটনার খবর সামনে এসেছে। নেপালের বিধ্বংসী বন্যায় গৃহহীন ও বিপর্যস্ত মানুষদের দুর্দশা দেখে স্থির থাকতে না পেরে নিজের জমানো মাটির ব্যাঙ্ক (পিগি ব্যাঙ্ক) পুরোটা ত্রাণ হিসেবে তুলে দিল উত্তরপ্রদেশের কুশীনগর জেলার আলফাজ শেখ নামে ১০ বছরের এক খুদে শিক্ষার্থী।
তৃতীয় শ্রেণির ছাত্র আলফাজ কুশীনগরের জেলা শাসক মহেন্দ্র সিং তানওয়ারের হাতে নিজের মাটির ব্যাঙ্কটি তুলে দেয়।
জানা যায়, আলফাজ বিগত প্রায় এক বছর ধরে একটু একটু করে নিজের পিগি ব্যাঙ্কে টাকা জমাচ্ছিল। কিন্তু ইউটিউবে সীমান্তবর্তী অঞ্চলে বন্যার সেই ভয়ঙ্কর ছবি দেখার পর সে তার দাদুকে জানায়, সে জমানো টাকাগুলো আর নিজের কাছে রাখবে না, বরং নেপালের ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্যের জন্য দান করে দেবে। সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে পড়তেই আলফাজের এই অভাবনীয় উদ্যোগকে নেটিজেনরা অকুন্ঠ প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। অনেকেই শিশুটির কোমল হৃদয় ও মহান মানসিকতাকে কুর্নিশ জানিয়েছেন।
উল্লেখ্য, গত ২৬ আগস্ট চিন-নেপাল সীমান্ত সংলগ্ন অঞ্চলে সৃষ্ট এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে ভটেকোশি নদীর জলোচ্ছ্বাসে গুঁড়িয়ে গেছে বিস্তীর্ণ পার্বত্য এলাকা, রাস্তাঘাট, সেতু এবং জলবিদ্যুৎ কেন্দ্রগুলো। ত্রিশূলী নদীর নিম্নাঞ্চলে জলের তোড়ে পরিবহন, বিদ্যুৎ ও পানীয় জল সরবরাহ ব্যবস্থার চরম বিপর্যয় ঘটেছে। ধ্বংসস্তূপের নিচ থেকে নিখোঁজদের উদ্ধারে সেনা ও উদ্ধারকারী দল নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।