পুবের কলম, ওয়েবডেস্ক: গুয়াহাটিতে প্রকাশ্য এল নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা। বিয়ের মাত্র কয়েক মাসের মাথায় এক ২৫ বছর বয়সী তরুণীকে নির্মমভাবে হত্যা করে তাঁর দেহ ছিন্নবিচ্ছিন্ন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। আঙুল কেটে নেওয়ার পর মৃতার কেটে নেওয়া মাথাটি পলিথিন ব্যাগে মুড়ে ফ্রিজের ভেতরে লুকিয়ে রাখা হয়েছিল। হাড়হিম করা এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে আসামে। ঘটনার পর থেকে পলাতক থাকলেও অবশেষে রবিবার রাতে অভিযুক্ত স্বামী পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করেছে।

পুলিশ সূত্রে খবর, নিহত তরুণীর নাম রিয়া তালুকদার। কয়েক মাস আগেই গুয়াহাটির ওই ফ্ল্যাটে স্বামী-স্ত্রী হিসেবে বসবাস শুরু করেছিলেন তাঁরা।
 
সূত্রের খবর, গত রবিবার (৬ সেপ্টেম্বর) ফ্ল্যাটের আশপাশের বাসিন্দারা হঠাৎই তীব্র পচা দুর্গন্ধ পেয়ে স্থানীয় থানায় খবর দেন। প্রতিবেশীরা পুলিশকে জানান, গত দু’দিন ধরে ওই দম্পতির কাউকে ফ্ল্যাটের বাইরে দেখা যায়নি এবং তাঁদের ফোনও বন্ধ পাওয়া যাচ্ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফ্ল্যাটের দরজার তালা ভেঙে ভেতরে ঢোকে পুলিশ।
ঘরের ভেতরে পচন ধরা ও বিকৃত অবস্থায় তরুণীর মাথাছাড়া মূল দেহটি দেখতে পাওয়া যায়। পরীক্ষা করে দেখা যায়, মৃতার হাতের আঙুলগুলোও অর্ধেক কেটে ফেলা হয়েছিল। পরে ঘরে তল্লাশি চালনোর সময় ফ্রিজের ভেতর একটি প্লাস্টিকের ব্যাগে মোড়ানো অবস্থায় তরুণীর বিচ্ছিন্ন মস্তকটি উদ্ধার করে পুলিশ।
 
পুলিশ সূত্রে খবর, দেহাংশ ও খণ্ডমস্তক উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। অন্যদিকে ঘটনা সামনে আসতেই অভিযুক্ত স্বামীর খোঁজে জোরদার তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। চতুর্দিক ঘিরে ফেলার পর রবিবার রাতেই সে নিজে থেকে পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করে। পুলিশ তাকে গ্রেফতার করেছে।