সেখ কুতুবউদ্দিন ও সন্দীপ সাহা: জেলা–ব্লকে দ্রুত ট্রাইবুনালের ব্যবস্থার মাধ্যমে নামবাদদের ভোটার তালিকায়  অন্তর্ভুক্ত করতে হবে। রবিবার কলকাতার রাজা সুবোধ মল্লিক স্কোয়ারে পশ্চিমবঙ্গ জমিয়তে উলামায়ে হিন্দ আয়োজিত গণঅবস্থানে দাবি তোলেন উপস্থিত বিশিষ্টরা। এদিনের গণঅবস্থাণ মঞ্চে রাজ্য জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরি ঘোষণাপত্র পেশ করে বলেন, এসআইআর প্রক্রিয়ার ফলে পশ্চিমবঙ্গের প্রায় ২৭ লক্ষ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ায় গণতান্ত্রিক সংকট তৈরি হয়েছে।

বাদ পড়া ব্যক্তিদের একটি বড় অংশ এ দেশের স্থায়ী অধিবাসী ও বৈধ নাগরিক। উপস্থিত ছিলেন, জামাআতে ইসলামি হিন্দের আমীরে হালকা ডা. মশিহুর রহমান, আইনজীবী হাফিজুর রহমান, শিক্ষাবিদ সুদীপ্ত গুপ্ত, জমিয়তে আহলে হাদিশের সভাপতি জাকি আহমদ মাদানি, জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সাধারণ সম্পাদক মুফতি আবদুস সালাম প্রমুখ। এদিনের অবস্থান বিক্ষোভে এসআইআর নিয়ে  জমিয়তে উলামায়ে হিন্দের লিগ্যাল সেলের আইনজীবীদের নিয়ে হেল্প ডেক্স–এর আয়োজন করা হয়।