পুবের কলম, ওয়েবডেস্ক: এক ছাত্রনেত্রীর বাবাকে প্রকাশ্যে মারধরের ঘটনায় নিজের নাম জড়ানোর অভিযোগে হিন্দুত্ববাদী  ইনফ্লুয়েন্সার স্বতন্ত্র ভরদ্বাজের বিরুদ্ধে দিল্লি পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ান। পাশাপাশি তাঁর দল লোক জনশক্তি পার্টি (রামবিলাস) মামলা দায়ের করেছে। অভিযুক্ত ব্যক্তির সাথে তাঁর বা তাঁর দলের কোনো সম্পর্ক নেই জানিয়ে, অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।

গত জুলাই মাসে যন্তর মন্তরে সিজেপির এক বিক্ষোভ চলাকালীন এক ছাত্রনেত্রীর বাবার ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে স্বতন্ত্র ভরদ্বাজের বিরুদ্ধে।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে ভরদ্বাজ দাবি করেন যে, তিনি ওই ব্যক্তির মাথা ফাটিয়ে দিয়েছিলেন যার ফলে ৬০টি সেলাই পড়েছিল, কিন্তু তা সত্ত্বেও রাজনৈতিক প্রভাবের কারণে পুলিশ তাঁর কিছু করতে পারেনি। উক্ত ভিডিওতে তিনি চিরাগ পাসোয়ান, কপিল মিশ্রসহ একাধিক রাজনৈতিক নেতার নাম ব্যবহার করে দাবি করেন, তাঁদের "আশীর্বাদ" তাঁর ওপর রয়েছে।

অভিযুক্তের সাথে সামাজিক মাধ্যমে ছবি থাকা প্রসঙ্গে চিরাগ পাসোয়ান স্পষ্ট জানান, জনজীবনে অনেকেই এসে ছবি তোলেন, কিন্তু তার অর্থ এই নয় যে তাঁদের সাথে ব্যক্তিগত কোনো ঘনিষ্ঠতা রয়েছে। চিরাগ পাসোয়ান সাংবাদিকদের জানান, "আমার এবং অন্যান্য নেতাদের নাম ব্যবহার করে ওই ব্যক্তি বোঝানোর চেষ্টা করেছে যে আমাদের কারণে তার বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না।

প্রকাশ্যে কেউ কাউকে মারাত্মকভাবে মারধর করার কথা স্বীকার করছে এবং আইনকে বুড়ো আঙুল দেখাচ্ছে—এর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে দেশে এক মারাত্মক ভুল দৃষ্টান্ত তৈরি হবে। আমি দিল্লি পুলিশকে নিরপেক্ষ তদন্ত করে কঠোর শাস্তির আবেদন জানিয়েছি।" চিরাগ পাসোয়ান আরও আশ্বাস দেন, নির্যাতিত ছাত্রনেত্রী ও তাঁর আহত পরিবারের পাশে তিনি এবং তাঁর দল পুরোপুরি রয়েছেন এবং অপরাধীর উপযুক্ত শাস্তি নিশ্চিত করবেন।

এদিকে দিল্লি পুলিশ জানিয়েছে, ঘটনাটির বিস্তারিত তদন্ত শুরু হয়েছে এবং রাজনৈতিক নাম ভাঙিয়ে অপরাধমূলক কর্মকাণ্ড আড়াল করার চেষ্টা ও হামলার অভিযোগে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।