পুবের কলম ওয়েব ডেস্ক: আগামী শনিবার দিল্লিতে ইন্ডিয়া গেট থেকে পুলিশ সদর দফতর পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। এই মিছিলে স্থগিতাদেশ চেয়ে শীর্ষ আদালতে আবেদন করা হলেও সুপ্রিম কোর্ট তাতে এখনই কোনও হস্তক্ষেপ করতে রাজি হয়নি। প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ জানিয়েছে, কর্মসূচি থেকে আইনশৃঙ্খলার অবনতি হবে বলে আগে থেকে ধরে নেওয়ার কোনও কারণ নেই। আদালত আশা করছে, আন্দোলনকারীরা অত্যন্ত দায়িত্বশীল আচরণ করবেন এবং শান্তিপূর্ণ ভাবে কর্মসূচি পালন করবেন।

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর দিল্লিতে ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে।

সেই বিষয়টি মাথায় রেখে এবং অতীতে যুব কংগ্রেসের বিক্ষোভের উদাহরণ টেনে সিজেপি-র এই মিছিল নিষিদ্ধ করার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন দিল্লি পুলিশের এক অবসরপ্রাপ্ত কর্মী। কিন্তু প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ জরুরি ভিত্তিতে এই মামলা শুনতে চায়নি। আদালত জানিয়েছে, এই সংক্রান্ত অন্য বেশ কিছু মামলা বিচারাধীন রয়েছে, তাই আগামী ১০ সেপ্টেম্বর সেগুলির সঙ্গেই এটি শোনা হবে। প্রয়োজনে মামলাকারীকে দিল্লি পুলিশের কাছে আবেদন করার পরামর্শ দিয়েছে শীর্ষ আদালত।

এর আগে সিজেপি-র ‘চলো সংসদ’ কর্মসূচিতে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ ও বেশ কয়েক জন পুলিশকর্মীর আহত হওয়ার অভিযোগ উঠেছিল।

পাশাপাশি, নিজেদের দাবিতে দিল্লির যন্তর মন্তরে প্রায় এক মাস ধরে ধর্না চালিয়েছিল এই সংগঠন। সেই টানা আন্দোলনের জেরেই গত ২৫ জুলাই পদত্যাগ করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। পরবর্তীতে সিজেপি নেতৃত্বের সঙ্গে কেন্দ্রীয় সরকারের বৈঠক হয়। কেন্দ্র তাঁদের সমস্ত দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিলে যন্তর মন্তরের ধর্না তুলে নেওয়া হয়। তবে ধর্না তুললেও সে সময় সিজেপি নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, প্রতিশ্রুতি অনুযায়ী দাবি পূরণ না হলে তাঁরা আবারও পথে নেমে প্রতিবাদ শুরু করবেন।