পুবের কলম, ওয়েবডেস্ক: দেশকে মাদকের ভয়াবহ থাবা থেকে মুক্ত করতে এবং তরুণ প্রজন্মের জন্য এক উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কী বাত’-এর ১২৫তম পর্বে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, দেশজুড়ে ‘উন্নত ভারতের জন্য মাদকমুক্ত যুবসমাজ’ অভিযান ব্যাপক গতি পেয়েছে। প্রধানমন্ত্রী মোদি বলেন, "এই অভিযানের লক্ষ্য একেবারে পরিষ্কার—মাদকমুক্ত যুবসমাজ এবং মাদকমুক্ত ভারত। আসুন, আমরা সবাই একসঙ্গে এগিয়ে এসে একটি মাদকমুক্ত ভারত গড়ে তুলি।"
 
উল্লেখ্য, ২০২০ সালের ১৫ আগস্ট ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর ড্রাগ ডিমান্ড রিডাকশন-এর অধীনে ভারত সরকারের ফ্ল্যাগশিপ উদ্যোগ হিসেবে ‘নশামুক্ত ভারত অভিযান’ চালু করা হয়।

এই অভিযানের মূল ভিত্তিগুলো হলো, জনসচেতনতা তৈরি ও সামাজিক অংশগ্রহণ বৃদ্ধি। মাদকাস্তদের চিকিৎসা ও পুনর্বাসনের সুব্যবস্থা। সুস্থ জীবনে ফিরে আসা ব্যক্তিদের পুনরেকত্রীকরণ ও সামাজিক সহায়তা প্রদান। 
 
মাদকবিরোধী বার্তার পাশাপাশি স্ট্রিট ভেন্ডর বা হকারদের জন্য চালু করা ‘পিএম স্বনিধি যোজনা’-র ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি আফসোস প্রকাশ করে জানান, এই প্রকল্পের মাধ্যমে নারী ক্ষমতায়নের যে অভূতপূর্ব সাফল্য এসেছে, তা নিয়ে যতটা আলোচনা হওয়া উচিত তা হয় না। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, দেশের কোটি কোটি মা ও বোনেরা পিএম স্বনিধি যোজনার মাধ্যমে আত্মনির্ভর হয়ে ওঠার নতুন শক্তি পাচ্ছেন, যা দেশের অর্থনীতিকে আরও মজবুত করছে।