পুবের কলম ওয়েব ডেস্ক: দুর্গাপুজো মিটলেই কলকাতা ও হাওড়া পুরনিগমে নির্বাচন। হাতে সময় কম থাকায় এই দুই পুরসভা দখলে মরিয়া রাজ্যের নতুন শাসকদল বিজেপি। তাই প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে দলে কে কতদিন আছেন বা কার সাংগঠনিক দক্ষতা কতটা, তা না দেখে শুধুমাত্র জেতার ক্ষমতার উপরেই জোর দেওয়া হচ্ছে। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন পুরভোটে কলকাতার ইনচার্জ তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
তিনি স্পষ্ট জানান, যাঁরা ভোটে জেতার ক্ষমতা রাখেন, শুধুমাত্র তাঁদেরই টিকিট দেওয়া হবে। টিকিট দেওয়ার আগে প্রার্থীর জনপ্রিয়তা, কাজকর্ম এবং মানুষের কাছে তাঁর গ্রহণযোগ্যতা খতিয়ে দেখা হবে। অর্থাৎ, টিকিট পেতে গেলে সাংগঠনিক পদের চেয়েও জনসমর্থনকে বেশি গুরুত্ব দিচ্ছে দল। 'নব্য' বিজেপিদের সুযোগ প্রসঙ্গে তিনি জানান, দলে নতুন করে কাউকে যোগদান করানো হয়নি, তবে জেতার সম্ভাবনা থাকলে সবই খতিয়ে দেখা হবে। অন্যদিকে, হাওড়া পুরসভা নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছে দলের আর এক প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহাকে। দুই জায়গাতেই জোরকদমে বৈঠক ও জনসংযোগের কাজ শুরু হয়ে গিয়েছে।
রাজনৈতিক মহলের মতে, ওয়ার্ড পুনর্বিন্যাসের ফলে কলকাতা পুরসভায় মোট ওয়ার্ডের সংখ্যা হতে চলেছে ২০৯টি। ফলে পুরসভার ক্ষমতা দখল করতে বিজেপির প্রয়োজন ১০৫টি আসন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সবকটি আসনে লড়াই করার জন্য দলের ভিতর থেকে উপযুক্ত ও জেতার মতো প্রার্থী খুঁজে বের করা বেশ কঠিন। সেই বাস্তব পরিস্থিতি অনুধাবন করেই বিজেপি নেতৃত্ব প্রার্থী বাছাইয়ে এই কৌশল গ্রহণ করেছে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।