পুবের কলম ওয়েব ডেস্ক: রাজ্যে পালাবদলের পর প্রথমবার দক্ষিণ দিনাজপুর জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সবকিছু ঠিক থাকলে আগামী ২ অক্টোবর তাঁর এই সফর হওয়ার কথা। মুখ্যমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে জোর প্রস্তুতি শুরু হয়েছে। এই সফরের ফলে জেলার একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প দ্রুত বাস্তবায়িত হবে বলে আশায় রয়েছেন জেলাবাসী।

বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন, ২ অক্টোবর দুপুর ১২টা নাগাদ বালুরঘাট বিমানবন্দরে মুখ্যমন্ত্রীর পৌঁছনোর কথা রয়েছে।

সেখানে তিনি বিমানবন্দরটি পরিদর্শন করবেন এবং রানওয়ে আরও ৯০ মিটার বাড়ানোর বিষয়টি খতিয়ে দেখবেন। এরপর বালুরঘাট জেলা হাসপাতালে প্রস্তাবিত দক্ষিণ দিনাজপুর মেডিক্যাল কলেজের কাজ খতিয়ে দেখার কথা রয়েছে তাঁর। মেডিক্যাল কলেজের জন্য হাসপাতালের কোথায় কোন ইউনিট তৈরি হবে, তা তিনি নিজে ঘুরে দেখবেন। পাশাপাশি, সরকারি জায়গায় দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় স্থানান্তরের বিষয়টিও গুরুত্ব পাবে এই সফরে।

সমস্ত প্রকল্প পরিদর্শনের পর শেষে জেলা প্রশাসনের সঙ্গে একটি রিভিউ বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। এই বৈঠকে জেলার বিভিন্ন দপ্তরের কাজের মূল্যায়ন করার পাশাপাশি কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প বর্তমানে কোন পর্যায়ে রয়েছে, তার বিস্তারিত খোঁজখবর নেবেন তিনি।