উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় : দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ আরও নিরবচ্ছিন্ন করতে একাধিক নতুন সাব স্টেশন তৈরির উদ্যোগ নিয়েছে বিদ্যুৎ বণ্টন সংস্থা। জেলার বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই কয়েকটি সাব স্টেশনের নির্মাণকাজ শেষ হয়েছে। কোথাও চালু হয়েছে পরিষেবা, কোথাও আবার চার্জ দেওয়া হয়েছে। পাশাপাশি কয়েকটি জায়গায় অস্থায়ী সাব স্টেশন তৈরি করে দ্রুত বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। সুন্দরবনের মৈপীঠেও নতুন সাব স্টেশন তৈরির পরিকল্পনা রয়েছে।জমি সংক্রান্ত জটিলতা দ্রুত মিটিয়ে সেখানে কাজ শুরু করার চেষ্টা চলছে বলে বিদ্যুৎ দপ্তর সূত্রে খবর।দপ্তর সূত্রে জানা গিয়েছে, বেহালায় ভারত সেবাশ্রমের কাছে ১২.৬ মেগা ভোল্ট অ্যাম্পিয়ার ক্ষমতার নতুন সাব স্টেশন নির্মাণ করা হয়েছে।
একইসঙ্গে গড়িয়াতে ২০ এম ভি এ ক্ষমতার একটি সাব স্টেশন ইতিমধ্যেই চালু হয়েছে। আমড়াতলায় ৬.৩ এম ভি এ ক্ষমতার সাব স্টেশনে সম্প্রতি চার্জ দেওয়া হয়েছে। ফলে সংশ্লিষ্ট এলাকাগুলিতে বিদ্যুৎ সরবরাহের ক্ষমতা আরও বাড়বে। জয়নগর ও ক্যানিংয়ের মাঝামাঝি হেরোভাঙায় ৬.৩ এম ভি এ ক্ষমতার একটি অস্থায়ী সাব স্টেশন তৈরি করা হয়েছে। দ্রুত সেটি চালু করার প্রস্তুতি চলছে। সুন্দরবনের ছোটমোল্লাখালিতে ও একই ক্ষমতার একটি অস্থায়ী সাব স্টেশন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে সেটি চালু করা হবে বলে জানা গিয়েছে।ক্যানিং এর জীবনতলার মৌখালিতেও ৬.৩ এম ভি এ ক্ষমতার একটি অস্থায়ী সাব স্টেশন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।প্রত্যন্ত এলাকাগুলিতে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে যে সমস্যা রয়েছে,নতুন সাব স্টেশন গুলি চালু হলে তা অনেকটাই কমবে বলে আশা করছে বিদ্যুৎ বণ্টন সংস্থা।সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হচ্ছে সুন্দরবনের মৈপীঠে। দীর্ঘদিন ধরেই ওই এলাকায় নতুন সাব স্টেশনের দাবি জানিয়ে আসছেন স্থানীয় বাসিন্দারা। প্রত্যন্ত এলাকায় দূরের সাব স্টেশন থেকে বিদ্যুৎ সরবরাহ হওয়ায় লোড বৃদ্ধি, ভোল্টেজের ওঠানামা এবং ঝড়-বৃষ্টির সময় দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। নতুন সাব স্টেশন তৈরি হলে এই সমস্যাগুলি অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।দক্ষিণ ২৪ পরগনা বিদ্যুৎ বণ্টন সংস্থার এক শীর্ষ আধিকারিক বলেন, এই সাব স্টেশনগুলির দাবি মানুষের দীর্ঘদিনের। এগুলি চালু হলে বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে অনেক সমস্যা মিটবে। কিছু জায়গায় অস্থায়ীভাবে পরিষেবা চালু করার ব্যবস্থা করা হচ্ছে।ধীরে ধীরে সেই সমস্যাও মিটে যাবে।এছাড়াও রায়দিঘির নন্দকুমারপুরে নতুন সাব স্টেশন তৈরির পরিকল্পনা রয়েছে। সেখানে জমি সংক্রান্ত সমস্যা রয়েছে বলে দপ্তর সূত্রে জানা গিয়েছে। তবে দ্রুত সেই সমস্যা মিটিয়ে নির্মাণকাজ শুরু করার চেষ্টা চলছে।বিদ্যুৎ দপ্তরের এই উদ্যোগে দক্ষিণ ২৪ পরগনার শহর ও গ্রামীণ এলাকার পাশাপাশি সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের মানুষও উপকৃত হবেন। নতুন সাব স্টেশনগুলি চালু হলে বিদ্যুৎ সরবরাহের পরিকাঠামো শক্তিশালী হওয়ার পাশাপাশি ভবিষ্যতে বাড়তে থাকা বিদ্যুতের চাহিদাও সামাল দেওয়া সহজ হবে বলে মনে করছেন দপ্তরের আধিকারিকরা।