পুবের কলম, ওয়েবডেস্ক: অহেতুক তাড়াহুড়ো এবং আইনের তোয়াক্কা না করে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA) ও এর প্রধান তুকারাম মুণ্ডেকে তীব্র ভর্ৎসনা করল বোম্বে হাইকোর্ট। আইনি প্রক্রিয়ার তোয়াক্কা না করে একক সিদ্ধান্তে নির্দেশ জারি করায় ক্ষোভ প্রকাশ করে আদালত প্রশ্ন তোলে, "আপনারা কি নিজেদের লর্ড বা প্রভু ভাবেন যে যা খুশি তাই করতে পারেন?"হাইকোর্টের কড়া মনোভাবের মুখে পড়ে দুটি পৃথক বড় মামলায় নিজেদের জারি করা নির্দেশ প্রত্যাহার করতে বাধ্য হয়েছে রাজ্য খাদ্য ও ওষুধ নিয়ামক সংস্থাটি।
 
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রবীন্দ্র ঘুগে এবং বিচারপতি গৌতম আনখাদের বেঞ্চ এফডিএ-র একমুখী ও স্বেচ্ছাচারী আচরণের বিরুদ্ধে এই কড়া পর্যবেক্ষণ পেশ করেন।

জানা যায়, পুণেতে অবস্থিত 'সিপলা ফার্মা অ্যান্ড লাইফ সায়েন্সেস লিমিটেড'-এর একটি ইউনিটের ওষুধ বিক্রির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে এফডিএ। রাজ্য সরকারের ঘোষিত ছুটির দিনে শুনানির ইমেল পাঠিয়ে তড়িঘড়ি লাইসেন্স বাতিল করা হয়েছিল। আদালত স্পষ্ট জানায়, এফডিএ তাদের এক্তিয়ারের বাইরে গিয়ে নিয়মবহির্ভূতভাবে কাজ করেছে।
 
বান্দ্রে-কুরলা কমপ্লেক্সে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন (MCA) প্রাঙ্গণে অবস্থিত পাঁচটি রেস্তোরাঁর লাইসেন্স স্থগিতের সিদ্ধান্তও আদালত স্থগিত করেছে।
সাম্প্রতিক পরিদর্শনে দেখা গেছে, রেস্তোরাঁগুলি খাদ্য সুরক্ষা বিধির ৮৮ শতাংশ মেনে চলছে। ফলে লাইসেন্স স্থগিতের নির্দেশ তুলে নিয়ে সেগুলি পুনরায় খোলার অনুমতি দেওয়া হয়েছে। বিচারপতিদের বেঞ্চ চরম অসন্তোষ প্রকাশ করে বলে, "আমরা প্রতিনিয়ত এই বিভাগ ও আধিকারিকদের বকাঝকা করতে করতে ক্লান্ত। এবার কড়া পদক্ষেপ নেওয়ার সময় এসেছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হবে। হয় তাঁরা আদালতকে বোঝাবেন, নয়তো জেলে যাবেন।"