পুবের কলম, ওয়েবডেস্ক: দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করে উজবেকিস্তানের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘অর্ডার অব ওলি দরজালি দোস্তলিক’ অর্জন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই দিনের দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সফরে গিয়ে রবিবার উজবেকিস্তানের রাষ্ট্রপতি শভকত মির্জিয়োয়েভের হাত থেকে এই সম্মান গ্রহণ করেন তিনি। এই আন্তর্জাতিক স্বীকৃতিকে ভারত ও উজবেকিস্তানের শতাব্দী প্রাচীন বন্ধুত্ব এবং যৌথ সাংস্কৃতিক ঐতিহ্যকে উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী।
 
পুরস্কার গ্রহণের পর রাষ্ট্রপতি মির্জিয়োয়েভ এবং উজবেকিস্তানের জনগণকে আন্তরিক ধন্যবাদ জানান নরেন্দ্র মোদী।

সফরটিকে অত্যন্ত স্মরণীয় বলে ব্যাখ্যা করে উযবেক রাষ্ট্রপতির উষ্ণ অভ্যর্থনার ভূয়সী প্রশংসা করেন তিনি। সম্মাননা গ্রহণের পর অত্যন্ত নম্রতার সঙ্গে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী জানান, এই পুরস্কার তাঁর ব্যক্তিগত কোনো একক অর্জন নয়।
 
তিনি বলেন, "আমার বন্ধু তথা উজবেকিস্তানের অর্থনৈতিক বিপ্লবের রূপকার এই রাষ্ট্রকে উন্নয়নের নতুন শিখরে নিয়ে যাওয়ার অনুকরণীয় দৃষ্টান্ত তৈরি করেছেন। তাঁর এই আতিথেয়তায় আমার ও প্রতিনিধি দলের মনে হয়েছে যেন আমরা নিজেদের ঘরেই রয়েছি।
এই সম্মান প্রাপ্তির মুহূর্তে আমি অত্যন্ত বিনম্র। রাষ্ট্রপতি মির্জিয়োয়েভ যেভাবে ভারতের হাজার বছরের প্রাচীন ঐতিহ্য, 'বিশ্ব বন্ধুত্ব'-এর ভাবনা এবং দেশবাসীর কঠোর পরিশ্রমের প্রশংসা করেছেন, আমি তার মাধ্যম মাত্র। এই সম্মানের প্রকৃত দাবিদার ভারতের ১৪০ কোটি মানুষ।"
 
‘দোস্তলিক’ শব্দটির অর্থ ‘বন্ধুত্ব’ উল্লেখ করে প্রধানমন্ত্রী মোদী বলেন, এই শব্দটিই দুই দেশের আত্মিক সম্পর্কের মূল ভিত্তি। ভারত-উজবেকিস্তান সম্পর্কের এই নতুন মাত্রা লাভের পেছনে রাষ্ট্রপতির নেতৃত্বের গুরুত্ব তুলে ধরেন তিনি। দুই রাষ্ট্রপ্রধানের দূরদর্শী নেতৃত্বের ফলে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এখন ‘কম্প্রিহেনসিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’-এ উন্নীত হয়েছে।