বিহারের ছাত্র আন্দোলনের অন্যতম আলোচিত মুখ হয়ে উঠেছে ছয় বছরের আদিত্য। রবিবার ফের প্রতিবাদে সামিল হল এই খুদে আন্দোলনকারী। তার অভিযোগ, গত মঙ্গলবারের ছাত্র আন্দোলনে পুলিশ তাকে আটক করার পর তার মা-বাবাকে মারধর করা হয়েছে। সেই ঘটনার প্রতিবাদেই এবার গরদানিবাগে অবস্থান-বিক্ষোভে বসে আদিত্য। তার একটাই দাবি—প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাকে দেখা করতে হবে।

গত মঙ্গলবার পাটনায় ছাত্র আন্দোলনে যোগ দিয়েছিল আদিত্য। অভিযোগ ওঠে, অন্যান্য বিক্ষোভকারীর সঙ্গে তাকেও পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। যদিও পুলিশ এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছিল, নিরাপত্তার কারণেই ওই শিশুকে থানায় নিয়ে যাওয়া হয়েছিল। পরে তাকে মায়ের হাতে তুলে দেওয়া হয়।

তবে পুলিশের এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয় আদিত্য।

তার অভিযোগ, তাকে আটকে রাখার সময় তার মা-বাবাকে মারধর করা হয়েছে। রবিবার গরদানিবাগে প্রতিবাদে বসে স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক নেতাদেরও আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানায় সে।

সাংবাদিকদের সামনে আদিত্য বলে, “আমাকে আট ঘণ্টা পুলিশি হেফাজতে রাখা হয়েছিল। তখনই মা-বাবাকে মারধর করা হয়। ওঁরা তো দুষ্কৃতী নন।

তাহলে পুলিশ মারধর করল কেন?”

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবিতেও অনড় এই খুদে। তার কথায়, “আমরা অবশ্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করব। উনি ভোটের সময়ে রোডশো করেন। তাই এখন আমাদের দাবি মেনে দেখা করা উচিত। সেটা না হওয়া পর্যন্ত এখানেই বসে থাকব।”