পুবের কলম, ওয়েবডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বিখ্যাত ম্যাডিসন স্কয়ার গার্ডেনের সামনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) শতবার্ষিকী উদ্‌যাপন অনুষ্ঠানে ভারতীয় জাতীয় পতাকাকে অসম্মান ও ছিঁড়ে ফেলার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। ঘটনার সঙ্গে জড়িত খালিস্তানি সমর্থক ও প্রতিবাদকারীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে তিনি স্পষ্ট জানিয়েছেন, রাজনৈতিক মতবিরোধ মেনে নেওয়া যায়, কিন্তু দেশের সম্মানহানি করা বরদাস্ত করা হবে না।

সামাজিক মাধ্যম 'এক্স'-এ দেওয়া এক বার্তায় রিজিজু লেখেন, "আমরা সবসময় বলে এসেছি যে আরএসএস, বিজেপি বা সরকারের সমালোচনা করার অধিকার সবার আছে, কিন্তু আমাদের দেশকে গালি দেবেন না। কান খুলে শুনে রাখুন, আমাদের পতাকা এবং আমার দেশকে অপমান করবেন না। এর খেসারত আপনাদের খুব ভারীভাবে দিতে হবে।

"

কিরেন রিজিজু একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তি তাঁর পায়ে জাতীয় পতাকা বেঁধে তা দোলাচ্ছেন এবং খালিস্তানি সমর্থক দুষ্কৃতীরা দেশের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলার পর হাসাহাসি করছে। ঘটনার সময়ে স্থানীয় মার্কিন পুলিশ সামনে উপস্থিত থাকলেও কোনো হস্তক্ষেপ করেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ প্রকাশ পেয়েছে। বহু মানুষ মার্কিন প্রশাসনের কাছে দুষ্কৃতীদের চিহ্নিত করার দাবি জানিয়েছেন। পাশাপাশি কেন্দ্র সরকারকেও নির্দেশ দেওয়া হয়েছে যে, এই ঘটনায় কোনো ভারতীয় নাগরিক জড়িত থাকলে যেন দেশে ফেরামাত্রই তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়।