যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়াল লিখনের উপর চুনকাম করার ঘটনায় রাজ্য সরকারকে আক্রমণ করলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। রবিবার কল্যাণীর সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নতুন প্রজন্ম কী চায়, তা সরকার বুঝতে পারছে না। তাই তাদের বক্তব্য মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে।

কিছুদিন আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে দেশবিরোধী স্লোগান লেখা রয়েছে বলে দাবি করেছিলেন। অবিলম্বে ওই লেখা সরিয়ে ফেলার নির্দেশও দিয়েছিলেন তিনি।

এর পরেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসের বিভিন্ন দেওয়াল লিখনের উপর চুনকাম করে দেয়।

এই প্রসঙ্গে সেলিম বলেন, ‘‘ওঁরা খবরের কাগজে কী লেখা হবে, তা মুছে ফেলতে চাইছে। লাইব্রেরিতে কী বই থাকবে, তা ঠিক করে দিতে চাইছে। ছাত্রছাত্রীরা নিজেদের দাবি দেওয়ালে লিখলে সেটাও মুছে দিচ্ছে। নতুন প্রজন্ম কী চায়, তা ফুটে উঠেছে ওই দেওয়াল লিখনে।

ওরা আসলে সেটা বুঝতে পারছে না, তাই মুছে দিচ্ছে।’’

তিনি আরও বলেন, ‘‘দেওয়াল লিখন মুছে লাভ হবে না। পরে বুঝতে পারবেন, মানুষ কী চাইছে।’’

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে ‘কিষেণজি স্যালুট’ লেখা নিয়েও প্রশ্ন উঠেছিল। সেই প্রসঙ্গে সেলিম দাবি করেন, ‘‘মমতা এবং শুভেন্দু মিলেই কিষেণজিকে হাত ধরে নিয়ে এসেছিলেন, যাতে বামেদের শেষ করা যায়।

এখন তাঁরাই এই কথা বলছেন। চাইলে কিষেণজি এবং শুভেন্দু অধিকারীর কথোপকথন শুনিয়ে দিতে পারি।’’

এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দেওয়াল লিখন মুছে ফেলার সিদ্ধান্তের বিরোধিতা করেছে এসএফআই। এর প্রতিবাদে ৩১ আগস্ট ‘টেক ব্যাক ইওর ওয়াল’ কর্মসূচির ডাক দিয়েছে সংগঠনটি। যাদবপুর বিশ্ববিদ্যালয় এসএফআই আঞ্চলিক কমিটির সম্পাদক অভিনব বসু বলেন, ‘‘ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাবই। যতবার ওঁরা দেওয়াল মুছবে, ততবার আমরা লিখব।’’