পুবের কলম, ওয়েবডেস্ক: কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সভাস্থলে অনুষ্ঠিত এক ধর্মীয় রীতিকে "জাতিগত বিদ্বেষ"-এর রূপ দিয়ে বক্তব্য রাখার অভিযোগে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ। উত্তরাখণ্ডের হলদ্বাণীতে বাল্মীকি সম্প্রদায়ের এক প্রতিনিধির অভিযোগের ভিত্তিতে রবিবার এই এফআইআর রুজু করা হয়েছে।
আরও পড়ুন:
অভিযোগকারীর দাবি, গত ২৯ আগস্ট নতুন দিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাহুল গান্ধি যে মন্তব্য করেছেন, তাতে বাল্মীকি সমাজ তথা তফশিলি সম্প্রদায়ের মানুষের অনুভূতি মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। হলদ্বাণী পুলিশ জানিয়েছে, জওহর নগরের বাসিন্দা এবং শ্রী রাম সেনা ধর্মার্থ সেবা ন্যাস-এর সদস্য অমিত কুমারের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলাটি দায়ের করা হয়েছে।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, রাহুল গান্ধির বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় এফআইআর দায়ের হয়েছে। তফশিলি জাতি ও তফশিলি উপজাতি (নির্যাতন প্রতিরোধ) আইন, ১৯৮৯-এর বিধান যুক্ত করা হয়েছে। গত ৮ আগস্ট হলদ্বাণীর রামলীলা ময়দানে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের একটি জনসভা অনুষ্ঠিত হয়েছিল। এর পরদিন ১১ আগস্ট সেখানে কিছু স্থানীয় অধিবাসী ‘শুদ্ধিকরণ যজ্ঞ’ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন।
অভিযোগকারী অমিত কুমার জানান, "আমি ওই পরিচ্ছন্নতা অভিযান ও রীতির সময় উপস্থিত ছিলাম। আমি নিজে তফশিলি সম্প্রদায়ের মানুষ। সেখানে সমাজের সব স্তরের মানুষ উপস্থিত ছিলেন, যার সাথে মল্লিকার্জুন খাড়গের জাতির কোনো সম্পর্ক ছিল না। অথচ রাহুল গান্ধী ওই ধর্মীয় রীতিতে যুক্ত ব্যক্তিদের 'অস্পৃশ্যতা চর্চাকারী' ও 'দলিত-বিরোধী' বলে চিহ্নিত করে অপপ্রচার চালিয়েছেন।"