পুবের কলম ওয়েব ডেস্ক: নেপালের ভয়াবহ বিপর্যয়ের রেশ কাটতে না কাটতেই এবার হড়পা বানের কবলে আমেরিকা। রবিবার দুপুরে আমেরিকার অ্যারিজোনা প্রদেশের বিখ্যাত পর্যটন কেন্দ্র গ্র্যান্ড ক্যানিয়নে হঠাৎই হড়পা বান নেমে আসে। কলোরাডো নদীর জলস্তর আচমকা বেড়ে যাওয়ায় অন্তত ২০ জন নিখোঁজ হয়েছেন। এই প্রাকৃতিক বিপর্যয়ে এখনও পর্যন্ত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে প্রশাসন।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রবিবার ওই এলাকায় প্রবল বৃষ্টিপাতের কারণেই এই বিপত্তি ঘটে। দুপুর আড়াইটে নাগাদ ‘ব্রাইট অ্যাঙ্গেল’ খাঁড়ির দিক থেকে প্রবল বেগে জল কলোরাডো নদীতে ঢুকতে শুরু করে। জলের তোড় এতটাই মারাত্মক ছিল যে, পর্যটকদের যাতায়াতের জন্য তৈরি একটি ফুটব্রিজ এবং বড় বড় লোহার কাঠামো অনায়াসেই ভেঙে ভেসে যায়। ছুটির দিন হওয়ায় দুর্ঘটনার সময় গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কে বহু পর্যটকের ভিড় ছিল।

খবর পেয়েই দ্রুত উদ্ধারকাজ শুরু করে বিপর্যয় মোকাবিলা বাহিনী। সাধারণত পর্যটকরা যেখান দিয়ে নদীতে নামেন, সেখান থেকে কপ্টারের সাহায্যে ৬২ জনকে নিরাপদে সরিয়ে আনা সম্ভব হয়েছে। তবে নিখোঁজ ২০ জনের সন্ধানে এখনও জোরকদমে তল্লাশি অভিযান জারি রয়েছে। প্রশাসনের আশঙ্কা, এই ঘটনায় মৃতের সংখ্যা আগামীতে আরও বাড়তে পারে।