পুবের কলম ওয়েব ডেস্ক: হিরোশিমায় পারমাণবিক হামলার পর পিঠে মৃত ভাইকে বেঁধে এক শিশুর বাবা-মায়ের খোঁজ করার মর্মান্তিক দৃশ্য এক সময় নাড়িয়ে দিয়েছিল গোটা বিশ্বকে। সেই ঘটনা অবলম্বনে তৈরি ‘গ্রেভ অফ দ্য ফায়ারফ্লাইস’ ছবিটিও ব্যাপক সাড়া ফেলেছিল। সম্প্রতি নেপালের ভয়াবহ বিপর্যয়ের পর ঠিক সেই রকমই এক হৃদয়বিদারক দৃশ্যের সাক্ষী থাকল সমাজমাধ্যম। হড়পা বানে বিধ্বস্ত নেপালের রাস্তায় পিঠে ছোট্ট বোনকে বেঁধে বাবা-মায়ের খোঁজে হন্যে হয়ে ঘুরতে দেখা গেল এক খুদেকে।
আরও পড়ুন:
গত ৩০ অগস্ট এক্স হ্যান্ডলে ছড়িয়ে পড়া একটি ভিডিয়োয় দেখা যায়, কাদা-মাখা বিপর্যস্ত পথ ধরে হেঁটে চলেছে এক বালক। তার পিঠে বাঁধা রয়েছে দুধের শিশু, সম্পর্কে যে তার ছোট বোন। চারপাশের এই ভয়াবহতা বোঝার বয়স ওই একরত্তির হয়নি, সে কেবল অবিরত কেঁদে চলেছে। দু’জনেরই হাত-পা এবং সারা শরীরে কাদা মাখা, চোখেমুখে স্পষ্ট ক্লান্তির ছাপ।
সেই অবস্থাতেই কাদামাখা পথ ধরে বাবা-মায়ের খোঁজ চালিয়ে যাচ্ছে ছোট্ট দাদা।আরও পড়ুন:
এখনও পর্যন্ত ওই দুই শিশুর নাম বা ঠিকানা সম্পর্কে কোনও তথ্য জানা যায়নি। তাদের বাবা-মা আদৌ বেঁচে আছেন কি না বা কোথায় আছেন, তা-ও পুরোপুরি অজানা। সমাজমাধ্যমে এই মর্মস্পর্শী দৃশ্য দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন নেটাগরিকরা। অসহায় ওই দুই শিশু যাতে দ্রুত তাদের বাবা-মায়ের খোঁজ পায়, আপাতত সেই প্রার্থনাই করছেন সকলে।