পুবের কলম ওয়েব ডেস্ক: ‘ককরোচ’ আন্দোলনে অংশগ্রহণকারী এক ছাত্রীর বাবাকে মারধরের অভিযোগে স্বঘোষিত গোরক্ষক স্বতন্ত্র ভরদ্বাজকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। সম্প্রতি একটি পডকাস্টে ওই হামলার কথা ২২ বছর বয়সি এই যুবক নিজেই স্বীকার করেছিলেন। শুক্রবার উত্তরপ্রদেশের বুলন্দশহর থেকে তাঁকে আটক করার পর শনিবার গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ইনস্টাগ্রামে নিজের হাতের যে ধাতব বালা উঁচিয়ে স্বতন্ত্র আস্ফালন করেছিলেন, সেটি দিয়েই তিনি ওই ব্যক্তির উপর হামলা চালিয়েছিলেন।
আরও পড়ুন:
গ্রেফতারির পর স্বতন্ত্রের বিপুল সোশ্যাল মিডিয়া পরিচিতি এবং প্রভাবশালী রাজনৈতিক যোগাযোগের বিষয়টি প্রকাশ্যে এসেছে। তাঁর ফেসবুক, ইনস্টাগ্রাম এবং এক্স হ্যান্ডেলে লক্ষ লক্ষ ফলোয়ার রয়েছে। সমাজমাধ্যমে তিনি নিজেকে এমন এক তরুণ হিসেবে দাবি করেছেন, যে ধর্ম এবং রাষ্ট্রের বিরুদ্ধে কোনও কাজ সহ্য করতে পারে না। তাঁর অ্যাকাউন্টে লালকেল্লায় স্বাধীনতা দিবস উদ্যাপন থেকে শুরু করে ২০২৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানের আমন্ত্রণপত্রের ছবিও পাওয়া গিয়েছে।
পাশাপাশি, সম্রাট চৌধরী, দিল্লির শ্রমমন্ত্রী কপিল মিশ্র এবং কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ানের মতো একাধিক হেভিওয়েট নেতা-মন্ত্রীর সঙ্গে তাঁর ছবি দেখা গিয়েছে। তবে কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ান শুক্রবার স্পষ্ট জানিয়েছেন, অভিযুক্ত তাঁর এবং অন্যান্য রাজনীতিকদের নামের অপব্যবহার করেছেন। এই মর্মে স্বতন্ত্রের বিরুদ্ধে তিনি অভিযোগও দায়ের করেছেন।আরও পড়ুন:
সরকারের সমালোচকদের বিরুদ্ধে সমাজমাধ্যমে বরাবরই সরব ছিলেন স্বতন্ত্র। তাঁর অ্যাকাউন্টে ককরোচদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের প্রশংসা করা এবং লাঠি হাতে বিক্ষোভকারীদের সতর্ক করার একাধিক ভিডিয়ো রয়েছে। এমনকি, পুলিশের হাতে আটক হওয়ার ঠিক আগের দিন এক্স হ্যান্ডেলে নিজের নাম ট্রেন্ডিং হওয়ার স্ক্রিনশট পোস্ট করে সমালোচকদের কটাক্ষ করে স্বতন্ত্র লিখেছিলেন, বিরোধীদের সকলকেই তিনি ভালোবাসেন।