পুবের কলম ওয়েবডেস্ক, টানা বৃষ্টিতে নিউ ফরাক্কার কাছে রেললাইনের নীচের মাটি বসে যাওয়ার পর থমকে গিয়েছিল দক্ষিণবঙ্গ-উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ রেল যোগাযোগ। তবে শনিবার আবহাওয়া কিছুটা অনুকূল হওয়ায় দ্রুত এগোচ্ছে মেরামতির কাজ। রেল কর্তৃপক্ষের আশা, পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে শনিবার রাতের মধ্যেই ক্ষতিগ্রস্ত পথে ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে।


নিউ ফরাক্কা ও তিলডাঙার মধ্যবর্তী এলাকায় ভারী বৃষ্টির জেরে রেললাইনের নীচের বাঁধের মাটি ক্ষয়ে যায়। কোথাও প্রায় ২০ মিটার অংশ ক্ষতিগ্রস্ত হয়।

বৃহস্পতিবার থেকে মেরামতি শুরু হলেও পরে ফের মাটি বসে যাওয়ায় কাজ কঠিন হয়ে পড়ে।


শুক্রবারও একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল ও ঘুরপথে চালানো হয়। তালিকায় ছিল বন্দে ভারত, শতাব্দী, দার্জিলিং মেল ও পদাতিক এক্সপ্রেসের মতো গুরুত্বপূর্ণ পরিষেবা। ফলে উত্তরবঙ্গমুখী যাত্রীদের দুর্ভোগ চরমে ওঠে।
শনিবার মেরামতির পাশাপাশি শুরু হচ্ছে নিরাপত্তা যাচাই।

সরাসরি যাত্রীবাহী ট্রেন চালানোর আগে পরীক্ষামূলকভাবে রেলগাড়ি ও পরিদর্শনযান চালিয়ে লাইনের ভার বহনের ক্ষমতা পরীক্ষা করা হবে। পরীক্ষায় সন্তোষজনক ফল মিললেই স্বাভাবিক পরিষেবার অনুমতি দেওয়া হবে।


পূর্ব রেলের আধিকারিকেরা জানিয়েছেন, বৃষ্টি ফের শুরু হলে কাজের গতি কমতে পারে। তাই শ্রমিক ও প্রকৌশলীদের নিরাপত্তা বজায় রেখেই দ্রুত কাজ শেষ করার চেষ্টা চলছে। এদিকে রেললাইন মেরামতের জন্য প্রয়োজনীয় পাথর, মাটি ও অন্যান্য সামগ্রী এনে ক্ষতিগ্রস্ত অংশ শক্ত করা হচ্ছে। শনিবারও একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত কার্যকর রয়েছে। ফলে রেল স্বাভাবিক হওয়ার অপেক্ষায় উত্তরবঙ্গের যাত্রীদের চোখ এখন নিউ ফরাক্কার মেরামতকাজের দিকে।