পুবের কলম ওয়েব ডেস্ক: আরজি কর হাসপাতালের চিকিৎসক-পড়ুয়ার দেহ তড়িঘড়ি সৎকার এবং তথ্যপ্রমাণ লোপাটের মামলায় ধৃত খড়দহের প্রাক্তন পুরপ্রধান সোমনাথ দে-কে লক্ষ্য করে ডিম ও ইটবৃষ্টি করল উত্তেজিত জনতা। শুক্রবার বৃষ্টির মধ্যেই খড়দহ থানার বাইরে এই ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে ধৃতের মাথায় বাইকের হেলমেট পরিয়ে কোনওরকমে তাঁকে প্রিজ়ন ভ্যানে তোলে পুলিশ। জনতার ছোড়া ইটের ঘায়ে সোমনাথ আহত হয়েছেন কি না তা স্পষ্ট না হলেও, বেশ কয়েক জন পুলিশকর্মী জখম হয়েছেন।

কড়া নিরাপত্তায় এদিন তাঁকে ব্যারাকপুর আদালতে হাজির করানো হলে বিচারক তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
গত ৯ অগস্ট আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের পর তড়িঘড়ি সৎকারের অভিযোগে খড়দহ থানায় নতুন করে মামলা রুজু হয়। এই মামলায় পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ এবং প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায় আগেই গ্রেফতার হয়ে বর্তমানে জেল হেফাজতে রয়েছেন। এতদিন পলাতক থাকার পর বৃহস্পতিবার সোমনাথকে কর্ণাটক থেকে গ্রেফতার করে পুলিশ।
শুক্রবার কাকভোরে তাঁকে কলকাতা বিমানবন্দরে নিয়ে আসা হয়।
এদিন দুপুরে আদালতে নিয়ে যাওয়ার আগে সোমনাথকে খড়দহ থানায় আনা হয়েছে শুনেই বাইরে কয়েকশো মানুষ জমায়েত হন। পুলিশ তাঁকে দ্রুত গাড়িতে তোলার চেষ্টা করলেও বিক্ষোভকারীদের ছোড়া কাঁচা ডিম ও ইট-পাটকেল ধেয়ে আসে। এর আগে এই একই মামলায় ধৃত নির্মল এবং সঞ্জীবকেও জনতার ক্ষোভের মুখে পড়তে হয়েছিল। সেই সময় জখম সঞ্জীবের চোখে অস্ত্রোপচারও করতে হয়। পুলিশ জানিয়েছে, আরজি কর কাণ্ডে তথ্যপ্রমাণ লোপাট এবং দ্রুত সৎকার করার বিষয়ে বিস্তারিত তথ্য জানতেই সোমনাথকে হেফাজতে নিয়ে জেরা করা হবে।