পুবের কলম ওয়েব ডেস্ক: কোচবিহার জেলার দিনহাটার একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের জন্য রান্না করা খিচুড়িতে সাদা পোকা দেখতে পাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই খাবার খাওয়ার পর দুই শিশু অসুস্থ হয়ে পড়েছে। বুধবার সকালে এই ঘটনা প্রকাশ্যে আসতেই স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন এবং কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলেন।
আরও পড়ুন:
দিনহাটার পুটিমারি-২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুঠিবাড়ি এলাকার ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঘটনাটি ঘটেছে। শিশুদের পরিবেশন করার জন্য তৈরি করা খাবারে এমন পোকা দেখার পর স্থানীয় গ্রামবাসীরা অবিলম্বে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে জড়ো হয়ে তীব্র বিক্ষোভ দেখাতে শুরু করেন। শিশুদের স্বাস্থ্যের সঙ্গে এমন চরম গাফিলতির প্রতিবাদে ক্ষুব্ধ বাসিন্দারা একপর্যায়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটির দরজায় তালা ঝুলিয়ে দেন। গোটা ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।