পুবের কলম ওয়েব ডেস্ক: ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রতিবাদে এবং দ্রুত ভোটাধিকার ফেরানোর দাবিতে প্রবল বৃষ্টি ও জলকাদা উপেক্ষা করে কলকাতার রাজপথে নামলেন হাজার হাজার মানুষ। বুধবার দুপুরে রামলীলা পার্ক বা মৌলালি থেকে ধর্মতলার ওয়াই চ্যানেল পর্যন্ত এই বিশাল প্রতিবাদ মিছিলের আয়োজন করে 'সংগ্রামী গণমঞ্চ'। মিছিল শেষে কলকাতা হাইকোর্টে গিয়ে দ্রুত বিচারের দাবিতে একটি স্মারকলিপি জমা দেয় আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল।

জানা গিয়েছে, সম্প্রতি বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের সংশোধিত ভোটার তালিকা থেকে বহু মানুষের নাম বাদ দেওয়া হয়েছে।

অভিযোগ, নিয়ম মেনে ট্রাইব্যুনালে অনলাইনে আবেদন করা সত্ত্বেও মাসের পর মাস কেটে যাচ্ছে, কিন্তু শুনানির জন্য কোনও ডাক আসছে না। এর ফলে শুধুমাত্র ভোটাধিকার থেকেই যে তাঁরা বঞ্চিত হচ্ছেন তা নয়, অন্নপূর্ণা যোজনা, কৃষক বন্ধুর মতো একাধিক সরকারি প্রকল্পের সুবিধাও আটকে দেওয়া হচ্ছে বলে দাবি। এই বঞ্চনার প্রতিবাদ জানাতেই কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদের মতো বিভিন্ন জেলা থেকে এসে প্রায় তিন-চার হাজার মানুষ মিছিলে যোগ দেন। প্রবল বৃষ্টিতে ওয়াই চ্যানেল জলমগ্ন থাকলেও চরম দুর্দশার মধ্যে দাঁড়িয়েই তাঁরা নিজেদের দাবি আদায়ে সোচ্চার হন।

এদিন মিছিলের পর সংগ্রামী গণমঞ্চের তরফে সুগত রায়, ডা. পূর্ণব্রত গুণ এবং অধ্যাপক সাইফুল্লা-সহ ছয় সদস্যের একটি প্রতিনিধি দল হাইকোর্টে যান। প্রধান বিচারপতির উদ্দেশে লেখা তাঁদের দাবিপত্রটি হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের হাতে তুলে দেওয়া হয়। তাঁদের মূল দাবিগুলির মধ্যে রয়েছে, আসন্ন কলকাতা ও হাওড়া পুরসভা নির্বাচনের আগেই ট্রাইব্যুনালে আটকে থাকা মামলাগুলির দ্রুত নিষ্পত্তি করা, জেলা স্তরে আরও বেশি সংখ্যক ট্রাইব্যুনাল গঠন করা এবং নিয়মিত শুনানি নিশ্চিত করা। একইসঙ্গে, আবেদন বিচারাধীন থাকা অবস্থায় সরকারি সুবিধাগুলি যাতে কোনওভাবেই বন্ধ না করা হয় এবং নাম বাদ পড়া পরিবারের ১৮ বছর বয়সি সদস্যরা যাতে নতুন ভোটার হওয়ার অধিকার থেকে বঞ্চিত না হন, সেই দাবিও জোরালোভাবে তুলে ধরা হয়েছে ওই স্মারকলিপিতে।