পুবের কলম ওয়েব ডেস্ক: কলকাতা শহরে উচ্ছেদ, সিল করা বা বেআইনি নির্মাণ ভাঙার ক্ষেত্রে বারবার আইনশৃঙ্খলা জনিত নানা সমস্যার সৃষ্টি হয়। এই ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবার বিশেষ নির্দেশিকা জারি করল লালবাজার। বুধবার পুলিশ কমিশনার অজয় নন্দ এই নির্দেশিকা জারি করে জানিয়েছেন, আগাম পরিকল্পনা এবং কলকাতা পুরসভার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পুলিশি পদক্ষেপ করলে কাজ অনেকটাই মসৃণ হবে।
আরও পড়ুন:
এই নির্দেশিকায় মূলত ছ’টি বিষয়ের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।
প্রথমত, কখন, কোথায় কী ধরনের কাজ হবে এবং তার জন্য কত পুলিশ প্রয়োজন, তা আগে থেকেই সংশ্লিষ্ট থানাকে জানাতে হবে। দ্বিতীয়ত, স্থানীয়দের জমায়েত বা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ ও পুরসভার আধিকারিকরা নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর পর দেরি না করে দ্রুত কাজ শুরু ও শেষ করবেন। তৃতীয়ত, কাজের সঙ্গে যুক্ত প্রতিটি আধিকারিক নিজেদের দায়িত্ব এবং কাজের পদ্ধতি নিয়ে নিজেদের মধ্যে যথাযথ সমন্বয় রাখবেন।আরও পড়ুন:
চতুর্থত, পুলিশকে আগাম খবর দিতে হবে, যাতে তারা পর্যাপ্ত বাহিনী প্রস্তুত রাখতে পারে।
পঞ্চমত, স্পর্শকাতর জায়গাগুলিতে অভিযানের আগে পরিস্থিতি মূল্যায়ন করার জন্য পুরসভা এবং পুলিশের মধ্যে বৈঠক করা আবশ্যক। শেষত, সিল করার ক্ষেত্রে যাবতীয় পদ্ধতি ও নথিপত্র আগে থেকেই প্রস্তুত রাখতে হবে।এছাড়াও, একটি পৃথক চেকলিস্টে বেশ কিছু আইনি বিষয় উল্লেখ করা হয়েছে। যেমন, উচ্ছেদের আগে বাসিন্দা বা দখলদারদের নির্দিষ্ট সময় মেনে আইনি নোটিস দেওয়া বাধ্যতামূলক। অভিযানের আগে পুলিশ ও পুরসভা যৌথভাবে এলাকা পরিদর্শন করে উত্তেজনার জায়গাগুলি চিহ্নিত করবে। উচ্ছেদের দিন ডিসি পদমর্যাদার আধিকারিক ও সংশ্লিষ্ট থানার ওসির নেতৃত্বে পর্যাপ্ত পুলিশ এবং প্রয়োজনে ‘কুইক রেসপন্স টিম’ ও মহিলা পুলিশকর্মী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।