পুবের কলম ওয়েবডেস্ক, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মসজিদে বন্দুক হামলার ঘটনায় নতুন মোড়। হামলার সরাসরি সম্প্রচার ধারণ এবং হামলাকারীদের উগ্রবাদী প্রচার ছড়িয়ে দেওয়ার অভিযোগে উত্তর ক্যারোলিনার ১৭ বছরের এক কিশোরীর বিরুদ্ধে তিনটি হত্যার মামলা ও ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। আদালতের নথিতে ওই কিশোরীর নাম সারাহ এল. সান্তিয়াগো বলে উল্লেখ করা হয়েছে।

উত্তর ক্যারোলিনার ফোরসাইথ কাউন্টির জেলা অ্যাটর্নি জিম ও’নিল সোমবার উইনস্টন-সালেমে এক সংবাদ সম্মেলনে জানান, সান্তিয়াগোকে গত সপ্তাহে গ্রেফতার করা হয়। একই দিন একটি গ্র্যান্ড জুরি তার বিরুদ্ধে তিনটি হত্যার অভিযোগ এবং একটি ষড়যন্ত্রের অভিযোগ গঠন করে। অপ্রাপ্তবয়স্ক হলেও তাকে প্রাপ্তবয়স্ক হিসেবে বিচারের মুখোমুখি করা হচ্ছে এবং বর্তমানে জামিন ছাড়াই আটক রাখা হয়েছে।

অভিযোগপত্র অনুযায়ী, ১৮ মে সান দিয়েগোর ইসলামিক সেন্টারে হামলার আগেই সান্তিয়াগো দুই বন্দুকধারীর সঙ্গে যোগাযোগ রেখে হামলার ভিডিও সরাসরি সম্প্রচার, সেই ভিডিও ছড়িয়ে দেওয়া এবং হামলাকারীদের লেখা একটি ঘোষণাপত্র প্রকাশের পরিকল্পনায় সম্মত হয়েছিলেন। প্রসিকিউটরদের দাবি, হামলার পর তিনি সেই পরিকল্পনা বাস্তবায়নও করেন। হামলায় তিনজন নিহত হন।

ওই হামলা চালায় ১৭ বছরের কেইন ক্লার্ক এবং ১৮ বছরের ক্যালেব ভাসকেজ। মসজিদে ঢোকার পর নিরাপত্তারক্ষী আমিন আবদুল্লাহ তাদের বাধা দেন এবং গুলির লড়াইয়ে তিনিসহ আরও দুই ব্যক্তি নিহত হন। ঘটনাস্থলের কাছে একটি গাড়িতে পরে দুই হামলাকারীকেও মৃত অবস্থায় পাওয়া যায়।

পুলিশ জানিয়েছে, তারা আত্মহত্যা করেছে। হামলার সময় মসজিদসংলগ্ন স্কুলে প্রায় ১৪০ শিশু ছিল। নিরাপত্তারক্ষী ও অন্যদের প্রতিরোধের কারণে আরও বড় প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে বলে তদন্তকারীদের দাবি।

সান্তিয়াগোর বিরুদ্ধে আরও অভিযোগ, তিনি হামলাকারীদের একজনের জন্য শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী ও নব্য-নাৎসি মতাদর্শের সঙ্গে যুক্ত একটি প্রতীকসম্বলিত প্যাচ কিনে পাঠিয়েছিলেন। হামলার সময় সেটি ওই বন্দুকধারীর পোশাকে ছিল বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। তদন্তকারীরা হামলাকারীদের রেখে যাওয়া লেখাতেও মুসলিম, ইহুদি, কৃষ্ণাঙ্গ, নারী, সমকামী ও রাজনৈতিক বিভিন্ন গোষ্ঠীর বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ বক্তব্য পেয়েছেন।

উত্তর ক্যারোলিনার জেলা অ্যাটর্নি ও’নিল বলেন, রাজ্যের আইনে কেউ নিজে অপরাধের প্রতিটি কাজ না করলেও অপরাধে সহায়তা বা পরিকল্পনায় সক্রিয়ভাবে যুক্ত থাকলে তাকে সেই অপরাধের জন্য দায়ী করা যেতে পারে। তবে সান্তিয়াগোর আইনজীবী অ্যালান দোরাসামি অভিযোগগুলো অস্বীকার করেছেন। তাঁর দাবি, মক্কেল নির্দোষ। তদন্তের প্রমাণপত্র এখনও পুরোপুরি হাতে না পাওয়ায় মামলার অভিযোগ নিয়ে বিস্তারিত মন্তব্য করতেও তিনি রাজি হননি।

তদন্তকারীদের মতে, হামলাকারীরা মসজিদের পর আরও দুটি স্থানে হামলার পরিকল্পনা করেছিল—একটি ইহুদি উপাসনালয় এবং মূলত কৃষ্ণাঙ্গ শিক্ষার্থীদের একটি উচ্চবিদ্যালয়। তাদের লেখায় চরম ডানপন্থী ও শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী মতাদর্শের প্রভাবের কথাও উঠে এসেছে।