পুবের কলম ওয়েব ডেস্ক: মঙ্গলবার দুপুরে রামপুরহাটের কুসুম্বা গ্রামে নিজের বাড়ি থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝি বৃষ্টি মুখোপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হল। বাড়ির দোতলার বারান্দায় গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁকে পাওয়া যায়। খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। পুলিশের প্রাথমিক অনুমান, তিনি আত্মহত্যাই করেছেন।

বৃষ্টির বাবা নীহার মুখোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর মামাতো ভাই এবং রামপুরহাট ১ নম্বর ব্লকের প্রাক্তন তৃণমূল সভাপতি। জানা গিয়েছে, বৃষ্টি স্থানীয় একটি স্কুলে গ্রুপ-সি পদে কর্মরত ছিলেন। কিন্তু শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ওএমআর শিটে কারচুপির অভিযোগে সম্প্রতি তিনি তাঁর চাকরিটি হারান।

পরিবারের সদস্যদের অভিযোগ, গত ৪-৫ বছর ধরে বৃষ্টি তীব্র মানসিক অবসাদে ভুগছিলেন এবং তাঁর চিকিৎসাও চলছিল।

এর পাশাপাশি তাঁর বিবাহ বিচ্ছেদের মামলা চলায় তিনি আরও বেশি হতাশ হয়ে পড়েছিলেন। ইদানীং তিনি নিজের ঘরেই একাকী থাকতেন, বাড়ির লোকেদের সঙ্গেও বিশেষ কথাবার্তা বলতেন না। চাকরি হারানো এবং দাম্পত্য কলহের জেরেই কি এই চরম পরিণতি, নাকি এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা জানতে রামপুরহাট থানার পুলিশ তদন্ত শুরু করেছে। এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।