পুবের কলম, কাঠমান্ডু: নেপালের প্রলয়ঙ্করী বন্যা ও ধসে নিখোঁজ ৪,২৪৭ জনের মধ্যে রয়েছেন মাদ্রাজ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ভি শিবজ্ঞানম। গত ২৬ আগস্ট ঘটে যাওয়া প্রলয়ঙ্করী ট্র্যাজেডির ৬ দিন কেটে গেলেও এখনও তাঁর কোনো খোঁজ মেলেনি। ঘটনার গুরুত্ব বিবেচনা করে প্রধান বিচারপতি সূর্য কান্তের কাছে চিঠি লিখে কেন্দ্রীয় সরকারের জরুরি হস্তক্ষেপের আবেদন জানিয়েছে দিল্লির ‘তামিল অ্যাডভোকেটস অ্যাসোসিয়েশন’। মাদ্রাজ হাইকোর্টের প্রাক্তন বিচারপতির সুরক্ষার বিষয়টি সামনে আসতেই নিখোঁজ তীর্থযাত্রীদের উদ্ধার তৎপর হয়েছে প্রশাসন। সংগঠনের পক্ষ থেকে দেওয়া চিঠিতে জানা গেছে, বিচারপতি শিবজ্ঞানম তামিলনাড়ুর একদল পুণ্যার্থীর সঙ্গে নেপাল সফরে গিয়েছিলেন।

বাসের ভেতরে তোলা একটি দলীয় ছবি থেকে তীর্থযাত্রীদের সঙ্গে তাঁর উপস্থিতির বিষয়টি সুনিশ্চিত করা হয়েছে।
 
উল্লেখ্য, গত ২৬ আগস্ট ভোরে নিজের স্ত্রীর সঙ্গে শেষবার হোয়াটসঅ্যাপ কলে কথা বলেছিলেন শিবজ্ঞানম। এরপর থেকেই তাঁর ফোন বন্ধ রয়েছে এবং পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি। নেপালের টিমুড়েতে অবস্থিত আর্মেড পুলিশ ফোর্স ক্যাম্পে আশ্রয় নেওয়া অন্য বাসের সঙ্গীরা জানান, ধস ও প্লাবন যখন আছড়ে পড়ে, তখন শিবজ্ঞানমের বাসটি তাঁদের চেয়ে মাত্র ১০০ থেকে ২০০ মিটার দূরে ছিল। হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এস নাগামুথু এবং সুপ্রিম কোর্টের আইনজীবী পি ভি যোগেশ্বরনের পরিচালনায় আইনজীবী সংগঠনটি প্রধান বিচারপতির মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কাছে নিখোঁজ শিবজ্ঞানমকে দ্রুত খুঁজে বের করার দাবি জানিয়েছে।