পুবের কলম ওয়েব ডেস্ক: কলকাতা পুরসভার পর এ বার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসের ভবনে ফায়ার অডিট করতে পৌঁছল দমকল এবং পুলিশ। সোমবার দুপুরে শেক্সপিয়র সরণি থানার পুলিশকে সঙ্গে নিয়ে ৯ নম্বর ক্যামাক স্ট্রিটের ওই বহুতলে যান দমকল আধিকারিকেরা। ভবনের অগ্নিনির্বাপণ ব্যবস্থা কতটা সুরক্ষিত এবং অনুমোদিত নকশা অনুযায়ী নির্মাণকাজ হয়েছে কি না, তা পুঙ্খানুপুঙ্খ ভাবে খতিয়ে দেখাই ছিল এই অভিযানের মূল উদ্দেশ্য।

দমকলের আধিকারিকেরা প্রথমে ভবনের বাইরের অংশ পরিদর্শন করেন এবং সেখানে থাকা একটি শেড নিয়ে আপত্তি তোলেন। এরপর বেসমেন্টের পার্কিং এলাকা, আপৎকালীন জলের পাম্প এবং ভবনের প্রতিটি তলা ঘুরে দেখেন তাঁরা।

এই ভবনেরই সাত এবং আট তলায় রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়। আধিকারিকেরা সেখানে গিয়ে ফায়ার অ্যালার্ম এবং আগুন নেভানোর জন্য নীচে থেকে জল ছিটানোর পদ্ধতি ঠিকমতো কাজ করছে কি না, তা পরীক্ষা করে দেখেন। দমকল কর্তা সরোজ বাগ জানান, এটি একটি নিয়মমাফিক ফায়ার অডিট। আপৎকালীন মোকাবিলার ব‍্যবস্থা এবং অগ্নিনির্বাপণ যন্ত্রপাতির মেয়াদ ঠিক আছে কি না, তা মূলত খতিয়ে দেখা হচ্ছে।

গোটা ভবনটি ঘুরে দেখার পর দমকলের তরফে জানানো হয়, সেখানকার অগ্নিনির্বাপণ ব্যবস্থায় বেশ কিছু ত্রুটি চোখে পড়েছে।

আধিকারিকদের দাবি, অভিষেকের অফিস যে তলায় অবস্থিত, সেখানকার ফায়ার অ্যালার্মটিও বাজেনি। নথিপত্রের সঙ্গে বাস্তব পরিস্থিতি মিলিয়ে দেখার পর নিয়ম অনুযায়ী দ্রুত নোটিশ পাঠানো হবে বলে দমকল জানিয়েছে। প্রসঙ্গত, গত বৃহস্পতিবারই এই ভবন থেকে তৃণমূলের নামাঙ্কিত একটি বিলবোর্ড সরাতে এসেছিল কলকাতা পুরসভা ও পুলিশ। বিপজ্জনক ভাবে ঝুলতে থাকা ওই বোর্ড খোলাকে কেন্দ্র করে পুরকর্মীদের কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল অভিষেক এবং তাঁর অনুগামীদের বিরুদ্ধে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই দমকলের এই আকস্মিক পরিদর্শন ঘিরে নতুন করে শোরগোল তৈরি হয়েছে।