পুবের কলম ওয়েব ডেস্ক: ক্যামাক স্ট্রিটের পার্টি অফিস থেকে বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মঙ্গলবার শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন নির্ধারিত সময়ের সামান্য পর, দুপুর ১২টা ১৭ মিনিট নাগাদ তিনি একাই গাড়িতে করে থানায় পৌঁছন। তবে প্রবল বৃষ্টি উপেক্ষা করেও থানার বাইরে ভিড় জমান প্রচুর তৃণমূল কর্মী-সমর্থক। 'জয় বাংলা' স্লোগানের পাশাপাশি তাঁরা জানিয়ে দেন, যতক্ষণ অভিষেককে জিজ্ঞাসাবাদ করা হবে, ততক্ষণ তাঁরা থানার বাইরেই অবস্থান করবেন।
আরও পড়ুন:
ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার, ২৭ আগস্ট। ওইদিন বিকেলে গ্যাসকাটার নিয়ে পুরকর্মী এবং পুলিশ আধিকারিকরা ক্যামাক স্ট্রিটের পার্টি অফিসে একটি বিলবোর্ড খুলতে যান। তাঁদের দাবি ছিল, বিলবোর্ডটি বেআইনি। খবর পেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরিয়ে এসে তাঁদের কাছে বিলবোর্ড খোলার সরকারি নির্দেশের প্রতিলিপি দেখতে চান।
অভিযোগ, পুরকর্মীরা সেই নথি দেখাতে না পারায় দু'পক্ষের মধ্যে তীব্র বচসা বাঁধে।আরও পড়ুন:
এই ঘটনার পরেই সরকারি কাজে বাধাদান এবং শ্লীলতাহানির মতো জামিন অযোগ্য ধারায় তৃণমূল সাংসদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে কলকাতা পুলিশ। নোটিস পাঠিয়ে তাঁকে মঙ্গলবার হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই নোটিসের ভিত্তিতেই এদিন থানায় যান তিনি। উল্লেখ্য, বিলবোর্ড খোলার এই একই মামলায় তৃণমূল নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায়, প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীর, দলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন এবং অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়কেও নোটিস পাঠিয়েছে পুলিশ।