পুবের কলম ওয়েবডেস্ক, পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রধান বিলাওয়াল ভুট্টো জারদারির বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। বলা হচ্ছে, ইউরোপের দেশ লিচেনস্টাইনের এক রাজপরিবারের তরুণীর সঙ্গে নাকি তার বিয়ে ঠিক হয়েছে। কদিন ধরে চলা ওই ইস্যু নিয়ে অবশেষে কথা বলেছেন বিলাওয়াল ভুট্টো। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তার বাগদান ও বিয়ের খবরকে সরাসরি গুজব বলে উড়িয়ে দিয়েছেন পিপিপি প্রধান।
একই সঙ্গে প্রিন্সেস গ্লোরিয়া নামে কোনো নারীকে চেনেন না বলেও জানিয়েছেন তিনি।আরও পড়ুন:
সোমবার (৩১ আগস্ট) এক ভিডিও বার্তায় বিলাওয়াল ভুট্টো বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম তাকে শুধু বাগদানই করায়নি, এমনকি বিয়েও দিয়ে দিয়েছে। তবে বাস্তবে তার জীবনে এমন কিছুই ঘটেনি। বিলাওয়াল বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম আমার বিয়ের কথাও পাকা করে ফেলেছে, বাগদানও করিয়ে দিয়েছে, এমনকি বিয়েও দিয়ে দিয়েছে।
আমি পরিষ্কার করে বলতে চাই, এমন কিছুই ঘটেনি। অনলাইনে তার সঙ্গে প্রিন্সেস গ্লোরিয়া নামে এক ইউরোপীয় নারীর সম্পর্ক ও সম্ভাব্য বিয়ের যে খবর ছড়িয়েছে, সেটিও নাকচ করে দেন তিনি। বিলাওয়াল বলেন, আমি কোনো প্রিন্সেস গ্লোরিয়াকে চিনি না।আরও পড়ুন:
তবে ভবিষ্যতে বিয়ে বা বাগদান নিয়ে কোনো সিদ্ধান্ত হলে সেটি কীভাবে জানানো হবে, সে বিষয়েও স্পষ্ট করেছেন পিপিপি চেয়ারম্যান।
বিলাওয়াল বলেন, আমার জীবনে যদি এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে সেই ঘোষণা আমার পরিবারই দেবে। বিলাওয়াল দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তার ব্যক্তিগত জীবন নিয়ে এসব নাটক ছড়ানোর উদ্দেশ্য হলো জনগণের দৃষ্টি গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু থেকে সরিয়ে দেওয়া।আরও পড়ুন:
কীভাবে ছড়াল বিয়ের গুঞ্জন? সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে, বিলাওয়াল ইউরোপের একটি অভিজাত পরিবারের নারীর সঙ্গে বিয়ের প্রস্তুতি নিচ্ছেন। কিছু প্রতিবেদনে দাবি করা হয়, তার বাবা ও পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ইউরোপে গিয়ে সম্ভাব্য বিয়ের বিষয়ে আলোচনা করেছেন। গুঞ্জনে কথিত পাত্রী হিসেবে গ্লোরিয়া ভন হ্যাবসবার্গ-এর নামও উঠে আসে। তবে এসব দাবির কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা পাওয়া যায়নি এবং বিলাওয়াল নিজেই এখন তা অস্বীকার করেছেন।