২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে প্রত্যাশার চেয়ে বেশি জিডিপি বৃদ্ধির হার প্রকাশ্যে আসার পর মঙ্গলবার একটি ভিডিও বার্তায় দেশবাসীকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

নিজের এক্স হ্যান্ডেলে প্রকাশিত ভিডিওতে প্রধানমন্ত্রী বলেন, গোটা বিশ্ব যখন যুদ্ধ ও সংঘাতের মধ্যে রয়েছে এবং পণ্য সরবরাহও কঠিন হয়ে উঠছে, সেই পরিস্থিতিতেও ভারত দ্রুত উন্নতির পথে এগিয়ে চলেছে। জিডিপি বৃদ্ধির পরিসংখ্যান সামনে আসায় দেশবাসী খুশি বলেও মন্তব্য করেন তিনি।

এর পরেই বিরোধীদের নিশানা করে মোদি বলেন, হতাশায় ডুবে থাকা কিছু মানুষ ‘ঝুট কি গুঞ্জ’ ছড়িয়ে দেশবাসীকে নিরাশ করার চেষ্টা করছেন।

তবে সেই মিথ্যাকে ভুল প্রমাণ করে ভারত জিডিপি বৃদ্ধিতে এগিয়ে চলেছে বলে দাবি করেন তিনি।

জিডিপি বৃদ্ধির এই গতি ধরে রাখতে ‘আত্মনির্ভর ভারত’ এবং ‘ভোকাল ফর লোকাল’-এর মতো উদ্যোগে আরও জোর দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তাঁর পরামর্শ, বিদেশে গিয়ে বিয়ে বা ছুটি কাটানোর বদলে দেশের মাটিতেই এমন আয়োজন করা উচিত। প্রয়োজন না হলে সোনা কেনা থেকেও বিরত থাকার পরামর্শ দেন তিনি।

দেশবাসী যত বেশি দেশীয় পণ্য ও পরিষেবা ব্যবহার করবেন, ততই ভারতের অর্থনীতি শক্তিশালী হবে বলে মন্তব্য করেন মোদি।

অর্থনীতিবিদদের পূর্বাভাস ছিল, ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে ভারতের জিডিপি বৃদ্ধির হার ৭.১ শতাংশ হতে পারে। কিন্তু সেই পূর্বাভাসকে ছাপিয়ে প্রকৃত বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৭.৮ শতাংশে। এই পরিসংখ্যান প্রকাশের পর প্রধানমন্ত্রী সংবাদ সংস্থা এএনআইকে বলেছিলেন, যাঁরা সবসময় ‘গেল গেল’ রব তোলেন, তাঁদের হতভম্ব করে ভারত এগিয়ে চলেছে। এবার সেই বার্তাই ভিডিওর মাধ্যমে দেশবাসীর সামনে তুলে ধরলেন তিনি।