ক্যামাক স্ট্রিটের পার্টি অফিস থেকে বিলবোর্ড খোলা নিয়ে কলকাতা পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে অবশেষে থানায় হাজিরা দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নির্ধারিত সময় দুপুর ১২টার পর তিনি শেক্সপিয়র সরণি থানায় পৌঁছন। গাড়িতে তিনি একা গেলেও বৃষ্টি উপেক্ষা করে প্রচুর কর্মী-সমর্থক থানার সামনে ভিড় করেন। সেখান থেকেই অভিষেকের সমর্থনে স্লোগান দিতে থাকেন তাঁরা।
অভিষেক যতক্ষণ থানায় থাকবেন, ততক্ষণ তাঁরাও সেখান থেকে নড়বেন না বলে জানান সমর্থকেরা।আরও পড়ুন:
ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার, ২৭ আগস্ট। ওই বিকেলে কয়েকজন পুরকর্মী ও পুলিশ আধিকারিক গ্যাসকাটার নিয়ে অভিষেকের ক্যামাক স্ট্রিটের পার্টি অফিসে পৌঁছন। তাঁদের দাবি ছিল, পার্টি অফিসের বিলবোর্ডটি বেআইনি, তাই সেটি খুলে ফেলতে হবে।
খবর পেয়ে সেখানে আসেন অভিষেক। তিনি বিলবোর্ড খোলার নির্দেশের কপি দেখতে চান। অভিষেকের দাবি, পুরকর্মীরা সেই নথি দেখাতে পারেননি। বিষয়টি নিয়ে দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডাও হয়।আরও পড়ুন:
এরপর অভিষেকের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলে কলকাতা পুলিশ। সরকারি কাজে বাধা দেওয়া-সহ শ্লীলতাহানির অভিযোগে জামিন অযোগ্য ধারায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। পরে নোটিস পাঠিয়ে মঙ্গলবার শেক্সপিয়র সরণি থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়।
সেই নোটিস মেনেই এদিন দুপুর ১২টা ১৭ মিনিট নাগাদ নিজের গাড়িতে থানায় পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁকে ঘিরে ধরেন দলের কর্মী-সমর্থকেরা। প্রবল বৃষ্টির মধ্যেও তাঁরা স্লোগান দিতে থাকেন, ‘তোমার নেতা, আমার নেতা, সবার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ’। পাশাপাশি ‘জয় বাংলা’ স্লোগানও শোনা যায়।