পুবের কলম ওয়েব ডেস্ক: কিরগিজস্তানের রাজধানী বিশকেকে আয়োজিত ২৬তম এসসিও সম্মেলনে সন্ত্রাসবাদ নিয়ে বিশ্বমঞ্চে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি স্পষ্ট জানান, সন্ত্রাস দমনে কোনওরকম দ্বিচারিতা বরদাস্ত করা হবে না। নাম না করলেও, দর্শকাসনে উপস্থিত পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সামনে মোদীর এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। প্রধানমন্ত্রী বলেন, যে দেশগুলি সন্ত্রাসবাদকে নিজেদের নীতির অঙ্গ বানিয়েছে এবং জঙ্গিদের আশ্রয় দিচ্ছে, তাদের মনে রাখা উচিত সন্ত্রাসবাদ কখনওই কৌশলগত সম্পদ হতে পারে না। এই সন্ত্রাসবাদী কাঠামোকে সম্পূর্ণ ভেঙে ফেলার ডাক দেন তিনি।
আরও পড়ুন:
সন্ত্রাসবাদের পাশাপাশি বিশ্বজুড়ে চলা সংঘাত নিয়েও মুখ খোলেন ভারতের প্রধানমন্ত্রী। ইউক্রেন এবং পশ্চিম এশিয়ার অশান্তির আবহে তিনি মনে করিয়ে দেন, যুদ্ধক্ষেত্রে নয়, বরং কূটনীতি এবং পারস্পরিক আলোচনার মাধ্যমেই যে কোনও বিবাদের মীমাংসা সম্ভব। পশ্চিম এশিয়ার সংকটের জেরে গোটা বিশ্বে জ্বালানি নিরাপত্তা ও সরবরাহ শৃঙ্খল বিঘ্নিত হচ্ছে, যার ফলে ভারতের মতো ‘গ্লোবাল সাউথ’-এর দেশগুলি সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
আরও পড়ুন:
যুদ্ধ এবং সন্ত্রাসের পাশাপাশি মাদক চোরাচালান রুখতেও কড়া পদক্ষেপের আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি জানান, মাদক চোরাচালান শুধু অপরাধ নয়, এটি নতুন প্রজন্ম এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য এক বড় বিপদ। উল্লেখ্য, এই শীর্ষ সম্মেলনে মোদী ও শাহবাজ ছাড়াও উপস্থিত ছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং-সহ অন্যান্য সদস্য দেশের রাষ্ট্রপ্রধানরা।