উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় : আসামের এক মহিলাকে শিয়ালদহ স্টেশনে ডেকে এনে তাঁর ব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠল এবার কুলতলির এক ব্যক্তির বিরুদ্ধে। ব্যাগে সোনার গয়না ও নগদ প্রায় ১০ হাজার টাকা ছিলো বলে অভিযোগ।ঘটনায় অভিযুক্ত ইউনুস শেখকে গ্রেফতার করেছে কুলতলি থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুয়াহাটির একটি ইটভাটায় কাজ করার সময় ফজিলা খাতুনের সঙ্গে পরিচয় হয় ইউনুসের।
সম্প্রতি ইউনুস ফোন করে জানায়, গুয়াহাটিতে কাজে যাওয়ার মতো টাকা তার কাছে নেই। এরপর ফজিলাকে শিয়ালদহ স্টেশনে আসতে বলে সে।অভিযোগ,শিয়ালদহে ফজিলা পৌঁছনোর পর তাঁর অসাবধানতার সুযোগ নিয়ে ব্যাগ ছিনিয়ে নিয়ে চম্পট দেয় ইউনুস। পরে কুলতলিতে ফিরে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ফজিলা।আর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে সোমবার রাতে কুলতলি থানা এলাকা থেকেই ইউনুসকে গ্রেফতার করে পুলিশ।মঙ্গলবার ধৃতকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়। ছিনতাই হওয়া গয়না ও টাকা উদ্ধারের পাশাপাশি ঘটনার বিস্তারিত জানতে ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। ঘটনার তদন্ত চলছে।