পুবের কলম ওয়েব ডেস্ক: তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র নিজের লোকসভা কেন্দ্র কৃষ্ণনগরে গেলেই তাঁকে পুলিশি নিরাপত্তা দিতে হবে। মঙ্গলবার কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য এমনই নির্দেশ দিয়েছেন। আদালত জানিয়েছে, সাংসদ নিজের কেন্দ্রে গেলে তাঁর সঙ্গে অন্তত দু'জন পুলিশকর্মী মোতায়েন রাখতে হবে, যাতে তিনি কোনওরকম হয়রানির শিকার না হন। আপাতত ৩০ দিনের জন্য এই নির্দেশ কার্যকর থাকবে। তবে কবে তিনি এলাকায় যাবেন, তা আগে থেকে পুলিশকে জানাতে হবে।

আগামী ১ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানি হবে।

আদালতে মহুয়ার অভিযোগ ছিল, নিজের লোকসভা এলাকায় গেলেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তাঁকে বাধা দেওয়া হচ্ছে। তাঁর গাড়ি লক্ষ্য করে ডিম, আলু ও পাথর ছোড়া হচ্ছে। এর ফলে সাংসদ হিসেবে তিনি নিজের কাজ করতে পারছেন না। এই অভিযোগের ভিত্তিতেই আদালত কড়া বার্তা দিয়ে জানায়, জনপ্রতিনিধির কাজে বাধা দেওয়া বা তাঁর ওপর হামলা কোনওভাবেই সমর্থনযোগ্য নয়।

রাজ্য প্রশাসনকে এই বিষয়ে কড়া পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি।

তবে তাৎপর্যপূর্ণভাবে, হাই কোর্ট যেদিন এই নির্দেশ দিল, সেদিনই নদিয়ার চাপড়ায় ফের বিক্ষোভের মুখে পড়েন কৃষ্ণনগরের সাংসদ। মঙ্গলবার সেখানে একটি কর্মী সম্মেলন শেষে বেরোনোর সময় তাঁর গাড়ি ঘিরে কালো পতাকা দেখানো হয় এবং 'গো ব্যাক' স্লোগান দেওয়া হয়। তৃণমূলের অভিযোগ, এই বিক্ষোভের নেপথ্যে বিজেপি কর্মীদের হাত রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ালে শেষপর্যন্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।