পুবের কলম, ওয়েবডেস্ক: উত্তরাখণ্ডের কোটদ্বারের এক জিম মালিকের বিরুদ্ধে বজরং দল কর্মীদের সাথে বিবাদের জেরে দায়ের করা এফআইআরে কঠোর আইনি পদক্ষেপে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। সোমবার বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ জিম মালিক মোহাম্মদ দীপককে সাময়িক এই আইনি সুরক্ষা প্রদান করে। এর পাশাপাশি, ওই ঘটনা সংক্রান্ত কোনো বক্তব্য বা বিবরণ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার ওপর উত্তরাখণ্ড হাইকোর্ট যে নিষেধাজ্ঞা জারি করেছিল, সেই নির্দেশের কার্যকারিতাতেও স্থগিতাদেশ জারি করেছে শীর্ষ আদালত।
 
এফআইআর বাতিলের দাবি জানিয়ে সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মোহাম্মদ দীপক। আবেদনটি শোনার পর দুই বিচারপতির বেঞ্চ রাজ্য সরকারের কাছে জবাব চেয়ে নোটিশ জারি করেছে এবং উত্তরাখণ্ড সরকারকে তাদের লিখিত বক্তব্য জমার জন্য চার সপ্তাহের সময় দিয়েছে।

সুপ্রিম কোর্টে মামলাকারীর পক্ষে সওয়াল করেন প্রবীণ আইনজীবী অভিষেক মনু সিংভি। আদালতে তিনি পুরো ঘটনার নেপথ্য কারণ ও আইনি অসঙ্গতিগুলো তুলে ধরেন।
 
উল্লেখ্য, এক মুসলিম দোকানদার তাঁর দোকানের নামে “বাবা” শব্দটি ব্যবহার করায় বজরং দলের কর্মীরা আপত্তি জানান ও সেখানে বিতর্ক তৈরি করেন। আবেদনকারী মোহাম্মদ দীপক কেবল পরিস্থিতি ঠাণ্ডা করতে এবং দুই পক্ষের মধ্যে শান্তি বজায় রাখতে মধ্যস্থতা করেছিলেন। দাঙ্গা সম্পর্কিত বিএনএস-এর ১৯১ ধারাটি প্রথমে দীপকের বিরুদ্ধে যুক্ত করা হয়েছিল, যদিও অপরাধের প্রাথমিক উপাদান সেখানে অনুপস্থিত ছিল। পরবর্তী সময়ে পুলিশ সেই ধারাটি বাদ দিতে বাধ্য হয়।